পাঁচ বছরের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করবে ব্রিটেন
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন গতকাল শুক্রবার বলেন, তিনি আফগানিস্তান থেকে পাঁচ বছরের মধ্যে যুক্তরাজ্যের সব সেনা প্রত্যাহার করতে চান। ২০১৫ সালে অনুষ্ঠেয় পরবর্তী সাধারণ নির্বাচনের সময় যুক্তরাজ্যের সেনাসদস্যরা নিজেদের বাড়িতে থাকবে কি না, এ প্রশ্নের জবাবে ক্যামেরন বলেন, ‘এ ব্যাপারে কোনো ভুল করবেন না, আমি চাই এমনটাই ঘটুক।’জি২০ শীর্ষ বৈঠক চলাকালে ক্যামেরন সাংবাদিকদের বলেন, ‘এর মধ্যেই আমরা সেখানে নয় বছর কাটিয়েছি। আরও পাঁচ বছর সেখানে আমরা থাকতে চাই না।’ব্রিটিশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ডেভিড রিচার্ড গত বুধবার বলেন, ‘আমার ধারণা, ব্রিটিশ সেনারা আফগানিস্তানে আর তিন থেকে পাঁচ বছর থাকতে পারে।’যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আফগানিস্তানে বিদেশি সেনার সংখ্যা এক লাখ ৫০ হাজারে বৃদ্ধি পাওয়া সত্ত্বেও ২০০১ সালে কঠোর ইসলামপন্থীদের পতনের পর এখনই বরং তালেবান বিদ্রোহীরা সবচেয়ে শক্তিশালী অবস্থানে আছে। জুলাই মাস থেকে যুক্তরাষ্ট্র আফগান নিরাপত্তা বাহিনীর ওপর দায়িত্ব হস্তান্তর করে তার সেনা প্রত্যাহার করা শুরু করবে। কিন্তু মার্কিন প্রশাসন এখনো জানায়নি কতসংখ্যক সেনা তারা প্রত্যাহার করবে বা কত দ্রুত তারা আফগানিস্তান ত্যাগ করবে। ব্রিটিশ সেনারা দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে বেশ কয়েকটি প্রচণ্ড লড়াইয়ে অংশ নেয়। ২০০১ সাল থেকে এ পর্যন্ত আফগানিস্তানে নিহত ব্রিটিশ সেনাসদস্যদের সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেছে, যার ফলে আফগানিস্তানে সেনা মোতায়েনের ব্যাপারে ব্রিটিশ জনগণের সমর্থন অনেক কমে গেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী আফগানিস্তানে নতুন সেনা প্রেরণের বিষয়টি আগেই নাকচ করে দেন। তাঁর এক সহকারী বলেন, ক্যামেরন কোনো নতুন নীতির প্রতিশ্রুতি দিচ্ছেন না, বরং এ বছর নির্বাচনী প্রচারণার সময় তিনি বারবার বলেছেন, পাঁচ বছরের মধ্যে সেনাদের ফিরিয়ে আনাই তাঁর আকাঙ্ক্ষিত লক্ষ্য।—রয়টার্স