পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ পাসের হার চট্টগ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত পাঁচ বছরের তুলনায় এ বছর চট্টগ্রাম বোর্ডে সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে প্রায় দেড়গুণ। এ বোর্ডের পাসের হার ৮৮ দশমিক শূন্য ৪। আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরের মুরাদপুর বোর্ড কার্যালয়ে ফলাফল ঘোষণা করা হয়।এ বছর সর্বমোট ৮৬ হাজার ৩৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭৬ হাজার ৩৭ জন। অকৃতকার্য হয়েছে ১০ হাজার ৩৩০ জন। বোর্ডের সেরা ১০ বিদ্যালয়ের তালিকায় শীর্ষে রয়েছে চট্টগ্রাম সরকারি কলেজিয়েট স্কুল।ফলাফল প্রসঙ্গে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত প্রথম আলো ডটকমকে বলেন, ‘ফলাফল অনেক ভালো হয়েছে। এ বছর যারা এসএসসিতে উত্তীর্ণ হয়েছে, তারা সবাই জেএসসি পরীক্ষায় পাস করেই এ পরীক্ষায় অবতীর্ণ হয়েছে। ফলে যাচাই-বাছাইয়ের মাধ্যমে পরীক্ষায় বসায় তাদের ফলাফলেও তার প্রতিফলন ঘটেছে।’বোর্ড সূত্রে জানা যায়, এ বছর চট্টগ্রামের ৯৫৫টি বিদ্যালয়ের মোট ৮৬ হাজার ৫৮৫ জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৮৬ হাজার ৩৬৭ জন। এর মধ্যে রয়েছে বিজ্ঞান বিভাগের ১৬ হাজার ২২, মানবিকের ১৯ হাজার ৩৭৪ এবং ব্যবসায় শিক্ষার ৫০ হাজার ৯৭১ জন। এ বছর চট্টগ্রাম মহানগরে পাসের হার ৯৩ দশমিক ৭৮ শতাংশ। মহানগর বাদে চট্টগ্রাম জেলার পাসের হার ৮৭ দশমিক ৫৫ এবং মহানগরসহ চট্টগ্রাম জেলার পাসের হার ৯০ দশমিক ১২ শতাংশ।পাঁচ বছরে সর্বোচ্চ পাসের হারচট্টগ্রাম বোর্ডের গত পাঁচ বছরের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, এ বছরে পাসের হার সর্বোচ্চ। ২০০৮ সালে পাসের হার ছিল ৭২ দশমিক ৬২, ২০০৯ সালে ৬৯ দশমিক ৬১, ২০১০ সালে ৭২ দশমিক ৩১, ২০১১ সালে ৭৮ দশমিক ৩৬ এবং গত বছর ছিল ৭৯ দশমিক শূন্য ১ শতাংশ। জিপিএ-৫ বেড়েছে দেড়গুণগত বছরের তুলনায় চট্টগ্রাম বোর্ডে এ বছর জিপিএ-৫ বেড়েছে প্রায় দেড়গুণ। এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা সাত হাজার ৩৫৮। গত বছর জিপিএ-৫ পেয়েছিল পাঁচ হাজার ১২১ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে পাঁচ হাজার ৪৭, মানবিকে ৫৫ এবং ব্যবসায় শিক্ষা থেকে দুই হাজার ২৫৬ জন জিপিএ-৫ পেয়েছে।বেড়েছে শতভাগ পাসের হারচলতি বছর শতভাগ শিক্ষার্থী পাস করেছে—এমন বিদ্যালয়ের সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ। এ বছর ৮৪টি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। গত বছর এ সংখ্যা ছিল ৪৫।৩০-এর নিচে পাস নেই কোনো বিদ্যালয়েবোর্ড সূত্রে জানা যায়, এ বছরে বোর্ডের অধীনে কোনো বিদ্যালয়েই কেউ পাস করেনি—এমন কোনো নজির নেই। গত বছরের এ ধারাবাহিকতা বজায় রয়েছে এবারেও। এ বছর প্রতিটি বিদ্যালয়ে কমপক্ষে ৩০ জন পরীক্ষার্থী পাস করেছে। এর নিচে কেউ নেই।কমেছে স্থগিত ও বহিষ্কারের সংখ্যাচলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডে স্থগিত ও বহিষ্কারের সংখ্যা অনেক কমেছে। এ বছর ফলাফল স্থগিত হয়েছে তিনজনের। গত বছর স্থগিত হয় ১৩ জনের। এবারে বহিষ্কার হয়েছে ১৭ জন। গত বছর বহিষ্কার হয় ৩০ জন।এগিয়ে আছে কক্সবাজার ও তিন পার্বত্য জেলাগত বছরের তুলনায় এবারে কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় পাসের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কক্সবাজার জেলায় পাসের হার ৮৭ দশমিক ৩১ শতাংশ, গত বছর যা ছিল ৭৮ দশমিক ৫১। রাঙামাটি জেলায় ৮২ দশমিক ২৩, গত বছর ছিল ৬৭ দশমিক ৫৮ শতাংশ। খাগড়াছড়ি জেলায় পাসের হার ৭৫ দশমিক ১১, গত বছর ছিল ৫৮ দশমিক ৪৯ শতাংশ। বান্দরবান জেলায় পাসের হার ৭৯ দশমিক ৯২, গত বছর পাসের হার ছিল ৬৭ দশমিক ৫৯ শতাংশ। সেরা দশচট্টগ্রাম বোর্ডের সেরা ১০ স্কুলের মধ্যে এ বছর শীর্ষ স্থানে রয়েছে চট্টগ্রাম সরকারি কলেজিয়েট স্কুল। এ স্কুলের ছাত্ররা সর্বোচ্চ সংখ্যক জিপিএ পেয়েছে। ৪১৯ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৮৯ জন। একজন ছাড়া সবাই পাস করেছে। ফলাফল প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজ উদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, ‘এ ধরনের আশানুরূপ ফলাফলের জন্য অবশ্যই খুশি হয়েছি। তবে আমি মনে করি, একজন শিক্ষার্থীকে মূল্যায়নের জন্য শুধু এ ধরনের ভালো ফলই যথেষ্ট নয়। এর মধ্যে নীতি-নৈতিকতা, মানবিকতা, পরস্পরের প্রতি সহনশীলতা বোধ জাগাতে হবে। তা না হলে পরিপূর্ণ মানুষ হিসেবে বিকাশ ঘটবে না। আমরা পড়াশোনার পাশাপাশি তাদের মধ্যে এসব শিক্ষাও দিচ্ছি, যাতে সত্যিকার অর্থে তারা পরিপূর্ণ মানুষ হয়ে ওঠে।’শীর্ষ দশের দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও ফৌজদারহাট ক্যাডেট কলেজ। এ ছাড়া তালিকার চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) বালিকা উচ্চবিদ্যালয়, পঞ্চম ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, ষষ্ঠ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল, সপ্তম সিলভার বেলস বালিকা উচ্চবিদ্যালয়, অষ্টম চট্টগ্রাম পাবলিক স্কুল ও কলেজ, নবম চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয় এবং দশম স্থানে রয়েছে চট্টগ্রাম সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়।