পাঁচ বন্ধুর ছুরিকাঘাতে কিশোর নিহত!
যশোর শহরের আবদুস সামাদ মেমোরিয়াল একাডেমির মাঠে পাঁচ বন্ধুর ছুরিকাঘাতে আকাশ (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ১২ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে চারটার দিকে তার মৃত্যু হয়। আবদুস সামাদ মোমোরিয়াল একাডেমির নবম শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র ছিল আকাশ। সে শহরের শংকরপুর মহিলা মাদ্রাসা-সংলগ্ন এলাকার পুলিশ সদস্য শেখ সুলতান মাহমুদের ছেলে। সুলতান মাহমুদ বর্তমানে বান্দরবান পুলিশ লাইনে কর্মরত আছেন বলে জানা গেছে।এ ঘটনায় আকাশের মা বিউটি বেগম পাঁচজনকে আসামি করে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন। আজ রোববার ভোরে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো: শহরের খালধার সড়ক এলাকার মনিরুজ্জামানের ছেলে আশিকুর রহমান ও ষষ্ঠীতলাপাড়ার রাজু আহম্মেদের ছেলে রিপন আহম্মেদ। এদের মধ্যে আশিকুর একই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র।পুলিশ ও প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে, স্কুলে দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলছে। গতকাল দুপুর দেড়টায় দ্বিতীয় শিফটে আকাশ পরীক্ষা দেয়। পরীক্ষা শেষে বিকেল সোয়া চারটার দিকে বের হলে স্কুলের মাঠে আগে থেকে ওত পেতে থাকা পাঁচ বন্ধু আকাশকে ধরে ছুরি মেরে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের নেওয়া হয়। রাত সাড়ে চারটার দিকে আকাশের মৃত্যু হয়। আজ সকালে লাশের ময়নাতদন্ত করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, স্কুলের মাঠে রিপন, রাজন, প্রসেনজিত্ ও আলামিন জাপটে ধরলে আশিকুর আকাশের বুকে ও পিঠে এলোপাতাড়ি ছুরি চালায়। এদিকে আকাশের মৃত্যুসংবাদ অবদুস সামাদ মেমোরিয়াল একাডেমিতে পৌঁছালে শিক্ষক ও শিক্ষার্থীরা শোকাহত হয়ে পড়ে।স্কুলের প্রধান শিক্ষক আতিয়ার রহমান প্রথম আলো ডটকমকে বলেন, স্কুলে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর দ্বিতীয় সাময়িক ও দশম শ্রেণীর প্রাকিনর্বাচনী পরীক্ষা চলছে। আকাশের মৃত্যুর খবরে স্কুলে শোক প্রস্তাব এনে আজকের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান প্রথম আলো ডটকমকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, কয়েক দিন ধরে নিহত আকাশের সঙ্গে তার বন্ধুদের গোলযোগ চলছিল। সেই ঘটনার জেরে আকাশকে ছুরি মেরে খুন করা হতে পারে।