পাঁচ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পাঁচজন বাংলাদেশিকে আটক করেছে। গতকাল শুক্রবার ভোরে ভারতের গোবরদাহ এলাকায় টহলরত বিএসএফের পাঁচ সদস্যকে কুপিয়ে আহত করার অভিযোগে তাঁদের আজ শনিবার আটক করেছে বিএসএফ।এদিকে আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সদরের বৈকারি সীমান্তের বিপরীতে ভারতের গোবরদাহ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে পতাকা-বৈঠক হয়েছে। পতাকা বৈঠকে বিএসএফ দাবি করেছে, হামলার সঙ্গে ওই বাংলাদেশিরা জড়িত। বিএসএফ জানায়, আটক বাংলাদেশিদের দুই দেশের উচ্চপর্যায়ে আলোচনার মাধ্যমে ফেরত দেওয়া হবে। বৈঠকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ১৫২ বিএসএফ কৈজুড়ি বিএসএফের ক্যাম্পের কোম্পানি কমান্ডার এস এস নার। বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বিজিবির কুশখালি ক্যাম্পের সুবেদার সুলতান আহম্মেদ ও নায়েব সুবেদার নজরুল ইসলাম। সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর হারুন-উর রশিদ ঘটনা নিশ্চিত করে বলেন, আটক বাংলাদেশিদের ফেরত আনার জন্য চেষ্টা চলছে।সীমান্তে বসবাসরত গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, তাঁরা শুনেছেন যে গতকাল শুক্রবার গভীর রাতে ভারতের গোবরদাহ বিএসএফ ক্যাম্পের সদস্যরা টহলে ছিলেন। ভোরের দিকে কয়েকজন চোরাকারবারিরা বিএসএফ সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় বিএসএফের চার সদস্যকে কুপিয়ে আহত করা হয়। আহত সদস্যদের তাঁদের সঙ্গীরা উদ্ধার করে নিয়ে যান। এ হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সীমান্ত এলাকা থেকে পাঁচজন বাংলাদেশিকে আজ শনিবার বিএসএফ সদস্যরা ধরে নিয়ে যান। গ্রামের বাসিন্দারা আরও জানান, তাঁরা শুনেছেন আটক বাংলাদেশিদের বাড়ি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে। এদিকে আজ শনিবার বিকেল সাড়ে চারটায় দুই দেশের কৈজুরি ও সাতক্ষীরা ব্যাটালিয়ন পর্যায়ে আবারও পতাকা-বৈঠক শুরু হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক সম্পর্কে কিছু জানা যায়নি।