পাঁচ বিজ্ঞানীর ঈদ উৎসব
অন্য সবার মতো ঈদের আনন্দ উপভোগ করেন বিজ্ঞানীরাও। প্রকল্প, চিন্তন বা পরীক্ষাগারের পরীক্ষা, উপাত্ত সংগ্রহ, ফলাফল বিশ্লেষণ, সতীর্থ বিজ্ঞানীদের জন্য সেটির সারবত্তা তৈরি, সম্মেলনের জন্য উপস্থাপনা তৈরি কিংবা বিজ্ঞানবিষয়ক সাময়িকীর জন্য প্রবন্ধ লেখা—ঈদে এসব থেকে ছুটি। পরিবার প্রিয়জনের সঙ্গে সময় কাটানো, নিজের আনন্দ অন্যদের সঙ্গে বিনিময়—এসবই মুখ্য হয়ে ওঠে বিজ্ঞানীদের জন্যও। দেশে ও বিদেশে কর্মরত পাঁচজন বাংলাদেশের বিজ্ঞানীর কাছে আমরা জানতে চেয়েছিলাম ঈদের দিনের তাঁদের ব্যস্ততা, খাবার মেন্যু কিংবা ঈদের বিশেষ স্মৃতি। বিজ্ঞান প্রজন্মের এ ঈদ আয়োজনে পাঠকদের কৌতূহল মিটিয়েছেন তত্ত্বীয় পদার্থবিজ্ঞানী এ এম হারুন অর রশীদ, চিকিৎসাবিজ্ঞানের নানা উপকরণ তৈরিতে অগ্রগণ্য পথিকৃৎ খোন্দকার সিদ্দিক-ই-রব্বানী, যুক্তরাষ্ট্রের ওল্ড ডমিনিয়ন বিশ্ববিদ্যালয়ের গবেষণা শাখার প্রধান ও ম্যাগলেভ ট্রেন গবেষণার বিজ্ঞানী মোহাম্মদ আতাউল করিম, জিন বিজ্ঞানী ও নিষেক নিরপেক্ষ জিনের (এফআইএস) আবিষ্কারক আবেদ চৌধুরী এবং পাটের জিন নকশা উন্মোচনকারী দলের অন্যতম গবেষক হাসিনা খান। কৃষ্ণনগরের ঈদ উৎসবএ এম হারুন অর রশীদবহুকাল আগে আমি যখন কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের ছাত্র, তখন এক ঈদের দিন আব্বার বন্ধু হালিম সাহেব আব্বা ও আমাকে ঈদ উপলক্ষে কৃষ্ণনগর শহরের কাছেই তাঁদের গ্রামের বাড়িতে নিমন্ত্রণ করেন। আব্বা আর আমি সেই প্রথম (এবং সেই শেষ) বাংলার অতি সুন্দর এক গ্রামে ঈদের উৎসব পালন করেছি। কৃষ্ণনগর-নদীয়ার এক মুসলমান জমিদারবাড়িতে ঈদের নামাজ পড়া, সেমাই খাওয়া ও দুপুরে বিশাল এক ভোজ অনুষ্ঠানে যোগ দেওয়ার সৌভাগ্য আর কতজনের হয়েছে, তা আমার জানা নেই। যে জন্য দিনটি বিশেষ করে আমার মনে আছে। ওই দিন গ্রামের হিন্দু-মুসলমান বহু মানুষ যে আন্তরিকতায় আমাদের সঙ্গে হাত মিলিয়েছেন ও কোলাকুলি করেছেন, তা ভোলার নয় কখনো। রবীন্দ্রনাথ লিখেছেন, ‘মানুষের উৎসব কবে? মানুষ যেদিন আপনার মনুষ্যত্বের শক্তি বিশেষভাবে স্মরণ করে, বিশেষভাবে উপলব্ধি করে, সেই দিন। যেদিন আমরা আপনাদিগকে প্রাত্যহিক প্রয়োজনের দ্বারা চালিত করি, সেদিন নয়...সেদিন তো আমরা আমাদের নিজেদের মধ্যে সর্বজয়ী সর্বশক্তি উপলব্ধি করি না—সেদিন আমাদের আনন্দ কিসের?...সেদিন আমরা উজ্জ্বলভাবে আপনাকে ভূষিত করি না—সেদিন আমরা উদারভাবে কাউকেই আহ্বান করি না—সেদিন আমাদের ঘরে সংসার চক্রের ঘড়ঘড় ধ্বনি শোনা যায়, কিন্তু সংগীত শোনা যায় না।’আমি নিশ্চয়ই ভাগ্যবান যে এমন একটি উৎসবের দিন সংগীত শোনার সৌভাগ্য হয়েছিল জলাঙ্গী নদীর অপর পারে পলাশীর প্রান্তরের কাছেই বাংলার গ্রামের সহজ-সরল মানুষগুলোর সঙ্গে মিলিত হয়ে। তাঁদের পাশে বসে গল্প করা, ঈদের অতিপরিচিত খাদ্য ভোজন করা এবং বিদায়ের মুহূর্তে আন্তরিকতায় সবার সঙ্গে হাত মেলানো জীবনে আর কখনো ঘটেনি। রবীন্দ্রনাথ যথার্থই বলেছেন যে, ‘আমরা এক একদিন গৃহকে ভুলিয়া সমস্ত উৎসবের সহিত মিলিত হই এবং সেই দিন সমস্ত উৎসবের মধ্যে ঈশ্বরের সহিত আমাদের মিলনের দিন।’ ওই দিন মনে হয় বিশ্বের আমাকে ‘মনুষ্যত্বের সেই অভ্রভেদি চূড়াবিশিষ্ট নিরাভরণ নিস্তব্ধ রাজনিকেতনের দ্বারের সম্মুখে দাঁড়’ করিয়ে দিয়ে সেই কঠিন ক্ষেত্রে, সেই রিক্ত নির্জনতার মধ্যে, সেই বহুযুগের অনিমেষ দৃষ্টিপারের সম্মুখে ঈদ উৎসবের মূল বাণীটি আমার মনে গেঁথে দিয়েছিল।বড় ভাইয়ের ছোট হয়ে যাওয়া জামা জুটত খোন্দকার সিদ্দিক-ই-রব্বানীবেশির ভাগ সময়ই বড় ভাইয়ের ছোট হয়ে যাওয়া জামাটি পরতে হতো আমাকে। ওটা পেয়েই খুশি থাকতাম। নতুন হোক পুরোনো হোক, জামা তো! ঈদে আলাদা করে জামা কেনা আমাদের হতো না। মধ্যবিত্ত পরিবার আমাদের। বাবা ছিলেন পুলিশের কর্মকর্তা। আমাদের বড় সংসারটি সামলাতেই তিনি হিমশিম খেতেন। তাই অন্যের ঘরে ঈদ যে সমারোহে আসত, আমাদের ঘরে সেভাবে আসত না। ঈদে নতুন পোশাক পাইনি বলে আমাদের আনন্দ কিন্তু কিছু কম হতো না। পুরোনো পাঞ্জাবিটাই ধুয়েমুছে গায়ে দিয়ে বাবার হাত ধরে নামাজ পড়তে যেতাম। সঙ্গী হতো ভাইয়েরা। ভারি সুখের দিন ছিল সেসব। পোশাক নিয়ে মাতামাতি না হলেও ঈদের দিনে বাসায় বেশ আয়োজন করে রান্নাবান্না হতো। মা খুব যত্ন করে রান্না করতেন আমাদের জন্য, সেই কাকডাকা ভোরে উঠে। ঈদ উপলক্ষে কখনো কখনো সিনেমা দেখতে যেতাম। আমাদের হাতে তেমন টাকা-পয়সা দেওয়া হতো না। পরিবারের সংগতিও ছিল না। তবে প্রত্যেকের জন্মদিনে বাবা আমাদের পাঁচ টাকা করে দিতেন। পাঁচ টাকা সে সময় অনেক টাকা। আমার দুই ছেলেই এখন দেশের বাইরে। ওরা যখন দেশে ছিল, তখন ওদের বন্ধুরা দলবেঁধে চলে আসত বাসায়। ওদের হাঁকডাকে উৎসব উৎসব ভাবটা এমনিতেই চলে আসত। এখন প্রতিবেশীদের নিয়েই ঈদ করি আমরা। তারাই এখন আমাদের আপনজন। সকালে একসঙ্গে নামাজ পড়তে যাই। কখনো ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করি। আমরা ওদের বাড়িতে যাই, ওরা আমাদের বাসায় আসে। ঈদের দিনগুলোতে প্রতিবেশীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে আমরা ভুলে থাকতে চেষ্টা করি ছেলেমেয়েদের অভাব।স্থানীয় মুসলিম সম্প্রদায়ের লোকজনকে আপ্যায়ন করিমোহাম্মদ আতাউল করিমআমার বাবা ড. মোহাম্মদ আবদুস শুকুর যাদের পোশাক নেই তাদের পোশাকের ব্যাপারে বেশি চিন্তিত থাকতেন। ফলে ঈদে আমাদের নতুন জামার জন্য অপেক্ষা করা হতো না। ১৯৭১ সালে এক চিঠিতে বাবা আমাকে লিখেছেন, ‘আমরা তোমাকে এমনকি ঈদেও কোনো উপহার বা নতুন পোশাক দিচ্ছি না; কারণ সেটাই পরিবারের রীতি।’ প্রায় ৩৫ বছর ধরে আমি বিভিন্ন দেশে ঘুরে বেড়িয়েছি। এই সময়ে আমি বিভিন্ন দেশের মুসলমানদের নানা রকমের টুপি আর মাথার পাগড়ি সংগ্রহ করেছি। এগুলো নানা রঙের, নানা আকারের। এখন ঈদের দিনে এমন পোশাকই পরতে আমার ভালো লাগে। একেক সময় একটি টুপি আমি পরি। বিশ্ব মুসলিম সম্প্রদায়ের সঙ্গে এভাবে আমার সখ্য প্রকাশ পায়। আমাদের বিশেষ কোনো ঈদের খাবার নেই। আমার স্ত্রী পপি নানা দেশের খাবার ও মিষ্টি তৈরিতে পারদর্শী হয়ে উঠেছে। সঙ্গে দেশি খাবারও। গত ৩৫ বছরে যে ১০টিরও বেশি শহরে আমরা ঈদ উদ্যাপন করেছি, সবগুলোতেই পপি স্থানীয় মুসলিম সম্প্রদায়কে দাওয়াত দিয়েছে তার খাবার বহরের সাথি হতে। এভাবে বিভিন্ন শহরের মুসলিম সম্প্রদায়ের লোকজনকে আপ্যায়নের এক অপরিমেয় সৌভাগ্য আমার ও পপির হয়েছে। প্রতি ঈদে এই কাজটি আমরা করি। ঈদের দিনে আমাদের বাসাটি পরিণত হয় একটি মুক্ত সমাবেশের জায়গায়। বাংলাদেশের যাঁরা বিদেশের মাটিতে পরিবার-পরিজন রেখে থাকেন, তাঁদের দাওয়াত দেওয়ার জন্য আমরা বিশেষ উদ্যোগ নিই। শহরের বাংলাদেশের শিক্ষার্থীদের কেউ যেন বাদ না যায়, সে চেষ্টা থাকে আমার আর আমার স্ত্রীর। সবাই মিলে আমাদের বাসায় সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশ। ওহাইওতে থাকার সময় (১৯৮৬—১৯৯৮) আমাদের বাচ্চারা বড় হচ্ছিল। আমি তখন ডেটন ইসলামিক বিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে কাজ করি। সেখানে সপ্তাহের শেষে সারা বিশ্বের মুসলিম ছেলেমেয়েকে নিয়ে ক্লাস নিতে হতো। ওই সময়টায় আমি কিছুদিন বাড়িতে কাটাতাম এবং দুই থেকে তিনটি রকেট ডিজাইন করতাম। বিভিন্ন জায়গা থেকে কেনা বা সংগ্রহ করা রকেটের অংশবিশেষ দিয়ে তৈরি করতাম রকেটগুলো। ডেটন ইসলামিক বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীরা ঈদের দিনটির জন্য অপেক্ষা করত এবং আমাদের বানানো রকেটের আবছা আভাসে সামান্য উড়তে পেরে তারা অনেক খুশি হতো। এভাবেই আমি আমার ঈদের দিনটি উদ্যাপন করতাম। শিশুরা এবং তাদের অভিভাবকেরা পরে বিদ্যালয়ের মাঠে মিলিত হতো রকেট শো দেখার জন্য। প্রতিবছরই চেষ্টা থাকত রকেটটি যাতে বেশি দূর ও বেশি ওপরে উড়তে পারে। আমি অবশ্য একটি প্যারাসুটও বানাতাম, যাতে করে রকেটটি পৃথিবীতে (মাটিতে) ফিরে আসে। রাতে আমি আলাদিনের পোশাক পরে কমিউনিটি সেন্টারে জাদুর বাক্স নিয়ে হাজির হতাম, যেখানে থাকত বিভিন্ন ধরনের রাসায়নিক ও বৈদ্যুতিক যন্ত্রপাতি। শিশু-কিশোরদের জাদু দেখিয়ে আমি তাদের ঈদের আনন্দ বাড়িয়ে দেওয়ার চেষ্টা করতাম। ক্যানবেরায় নারী-পুরুষ সবাই ঈদের জামাতে যোগ দেয় আবেদ চৌধুরীআমার পছন্দের পোশাক হচ্ছে সাদা রঙের কুর্তা ও পাজামা। ছোটবেলা থেকেই সাদা রং আমার কাছে একটি বিশেষ কিছুই মনে হয়। বিভিন্ন ধরনের কাজ করা সাদা কুর্তাটা আমার সব সব সময় ভালো লাগে। ঈদের দিনটি আমি অস্ট্রেলিয়ার ক্যানবেরায় পরিবার-পরিজনের সঙ্গে কাটাই। এদিন বন্ধুবান্ধবের বাড়িতেও আমরা দলবেঁধে বেড়াতে যাই। বিষয়টি আমরা আগেভাগেই ঠিক করে রাখি। কখন, কোথায় বেড়াতে যাব, তা পরিকল্পিত হয়। মেহমানকে অভ্যর্থনা জানাতে অভ্যর্থনাকারীরা নানা খাবার নিয়ে নির্ধারিত সময়ে অপেক্ষা করতে থাকে। এখানে আপ্যায়নের ব্যাপারটি সবাই উপভোগ করি। সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উৎসবে রূপ নেয় ঈদ। কিছু লোকের চেষ্টায় ঈদ আনন্দের এই ধারা সেই আশির দশক থেকে এখানে চালু রয়েছে। আনন্দের বিষয়, এখন বিষয়টি বিদেশের মাটিতে একটি বড় রীতিতে পরিণত হয়েছে। ঈদের দিন আমি মিষ্টি ও মিষ্টিজাতীয় খাবারসহ সেমাই খেতে ভালোবাসি। এটা আমার জন্মস্থান সিলেটের কানিহাতির ঐতিহ্য। আধুনিক খাবার হিসেবে এখানে জর্দা চললেও আমার কাছে সিলেটের ঐতিহ্যবাহী খাবারই বেশি পছন্দের। ‘মিঠাইখানা’ খেতে পছন্দ করি, যদিও তা আর এখন দেখি না। নারকেলের তৈরি সমুচাও খেতে ভালো লাগে। ৩৩ বছরের প্রবাসজীবন। তবে ছোটবেলার স্মৃতিই এখনো মনে ভাসে। আমাদের গ্রামের ঈদগাহ মাঠের অভিভাবকের দায়িত্ব ছিল আমাদের পরিবারের। ঈদের দিন সকালেই উঠে আমাদের ঈদগাহ মাঠ নামাজ পড়ার জন্য তৈরি করতে হতো। আনন্দের বিষয় ছিল, যখন গ্রামের লোকজন এক এক করে নামাজ পড়তে মাঠে আসা শুরু করত। ধীরে ধীরে মাঠটি লোকজনে ভরে উঠত। ধানের মাঠেই ছিল ঈদের মাঠ। নানা রঙের পোশাক পরা ছোট ছোট ছেলেমেয়ের পদচারণে মুখরিত হয়ে উঠত জায়গাটি। লক্ষণীয় বিষয়, ছোট বাচ্চারা রঙিন আর বড়রা সাদা পোশাক পরে আসতেন। ছেলেরা নামাজ পড়ে পরিবারের নারী সদস্যদের সঙ্গে দেখা করতাম। কিন্তু ক্যানবেরায় নারী ও পুরুষ সবাই ঈদের জামাতে যোগ দেয়। বিষয়টি আরও আনন্দের বলে আমি মনে করি। নতুন জামা পরে শীতে ঠকঠক করে কেঁপেছিহাসিনা খানসে অনেক দিন আগে। সম্ভবত ১৯৬০ সাল। সেবার ঈদের সময় জাঁকিয়ে শীত পড়েছিল। সূর্য ওঠার আগেই গরম লেপ ছেড়ে উঠে পড়েছি। ঈদের আমেজ ছড়িয়ে পড়েছে পুরো বাড়িতে। এত দিন ধরে বন্ধুদের কাছ থেকে লুকিয়ে রাখা ঈদের পোশাকটি আজ গায়ে চড়াব, ভাবতেই মনে ভারি আনন্দ হলো। নতুন জামা গায়ে দিয়ে এদিক-সেদিক ঘুরে বেড়াচ্ছি। মায়ের সামনে পড়তেই কড়া ধমক খেলাম শীতের পোশাক না পরার জন্য। আর মা দেখলেনও আমি শীতে ঠকঠক করে কাঁপছি। কিন্তু তখন মাকে আমি কেমন করে বোঝাই, শীতের পোশাক পরলে ঈদের পোশাক যে তার নিচে ঢাকা পড়ে যাবে! মা সেই সহজ কথাটি না বোঝার জন্য সেদিন খুব অভিমান হয়েছিল। আমাদের গ্রামের বাড়ি মাগুরা হলেও ছোটবেলাটা কেটেছে কলকাতায়। পার্ক সার্কাসে আমরা থাকতাম। বাবার চাকরিসূত্রেই সেখানে থাকা। আমার ৯-১০ বছর বয়স পর্যন্ত আমরা সেখানে ছিলাম। তখনকার দিনে তৈরি পোশাকের এমন চল ছিল না। আমাদের বাড়িতেই তৈরি হতো পোশাক। কী যে সুখের দিন ছিল সেসব! আমরা জামা বানানোর পর কাপড়ের শেষ টুকরোটাও লুকিয়ে ফেলতাম। কেউ যেন না জানতে পারে, ঈদে কোন রঙের পোশাক পরব। আমাদের পরিবারটি বেশ বড়। সকালে উঠেই সালামির জন্য ছোটাছুটি করতাম। একজনকে কয়েকবার সালাম করে বসতাম, যদি সে ভুল করে আরেকবার সালামি দিয়ে ফেলে! এখন স্বামী ও এক মেয়ে নিয়ে আমার ছোট্ট সংসার। মেয়ে ফাতিন এবার বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ করেছে। এখন মেয়ের কেনাকাটায় আমাকে সঙ্গে যেতে হয়। তাকে তার মতো করেই কিনতে দিই সবকিছু। নিজেও কেনাকাটা করি। সারা বছরই প্রস্তুতি থাকে পরিবারের সবাইকে কিছু না কিছু দেওয়ার। এখন ঈদে নিজের জন্য কেনাকাটা করার থেকে অন্যদের জন্য কেনাকাটা করতেই বেশি ভালো লাগে। এভাবেই এখন আমার ঈদ আসে ঈদ যায়।গ্রন্থনা: ফারসীম মান্নান মোহাম্মদীসিদ্ধার্থ মজুমদার, সাইদ আরমান