পাঁচ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে আসছেন নতুন মুখ
দেশের পাঁচটি স্বায়ত্তশাসিত ও সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদ কিছুদিন ধরে শূন্য হয়ে আছে। এ জন্য এসব বিশ্ববিদ্যালয়ে কাজকর্মে স্থবিরতা দেখা দিয়েছে। এ অবস্থায় এসব বিশ্ববিদ্যালয়ে উপাচার্যসহ শীর্ষ পদগুলো পূরণের জন্য বিভিন্ন অধ্যাপকের নাম প্রস্তাব করেছে শিক্ষা মন্ত্রণালয়। চলতি সপ্তাহের মধ্যে এসব শীর্ষ পদে নিয়োগ চূড়ান্ত হবে।বিশ্ববিদ্যালয়গুলো হলো: রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষ—তিনটি পদই শূন্য। এর বাইরে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শিগগিরই উপাচার্যের মেয়াদ শেষ হবে। কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের কারণেও অস্থির পরিস্থিতি বিরাজ করছে।জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলো ডটকমকে বলেন, ‘শিগগিরই এসব শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। এ জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।’শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও বিশ্ববিদ্যালয়ের সূত্রগুলো জানিয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষের মেয়াদ শেষ হয়েছে গত ২৫ ফেব্রুয়ারি। কিন্তু এখনো উপাচার্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না সরকার। মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, উপাচার্যের জন্য ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিজানউদ্দিন এবং শাহনওয়াজ আলীর নাম প্রস্তাব করে সারসংক্ষেপ পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে একজন হবেন উপাচার্য। আর সহ-উপাচার্য হিসেবে চৌধুরী সারওয়ার জাহান সজলের নাম বেশি আলোচিত হচ্ছে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজী শহীদুল্লাহর মেয়াদ শেষ হয়েছে ২৪ ফেব্রুয়ারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক হারুন-অর-রশিদকে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করার বিষয়টি চূড়ান্ত হয়েছে। রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিদায়ী উপাচার্য মেসবাহউদ্দিনের মেয়াদ শেষ হয় ২৪ ফেব্রুয়ারি। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ মীজানুর রহমানকে উপাচার্য করার সিদ্ধান্ত হয়েছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে গত ২৪ জানুয়ারি থেকে উপাচার্যের পদটি শূন্য। মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বিদায়ী উপাচার্য আর আই এম আমিনুর রশীদের স্থলাভিষিক্ত করার জন্য সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের একজন অধ্যাপকের নাম সারসংক্ষেপ আকারে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হলেও সেটি ফেরত এসেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তিনজনের নামের প্যানেল পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে আপাতত সহ-উপাচার্য খোন্দকার মোকাদ্দেম হোসেনকে উপাচার্যের চলতি দায়িত্ব দেওয়া হচ্ছে।শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিনের মেয়াদ শেষ হয় ২৫ ফেব্রুয়ারি। এই বিশ্ববিদ্যালয়ের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিরাজুল করিম চৌধুরীর মেয়াদ শেষ না হলেও এখানকার প্রগতিশীল শিক্ষকেরা ও ছাত্রলীগের বড় একটি অংশ তাঁকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছে। মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বর্তমান সহ-উপাচার্যকে এখানে উপাচার্য করার চিন্তাভাবনা চলছে।টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম নূরুল ইসলামের মেয়াদ শেষ হবে আগামী মে মাসে। এখানে উপাচার্য করার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায় নেওয়া সহ-উপাচার্য আলাউদ্দিনের নাম আলোচিত হচ্ছে।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল মান্নান আকন্দের মেয়াদ শেষ হবে ১০ মার্চ। সেখানে নতুন উপাচার্য করার জন্য ওই বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকের নামে প্রস্তাব তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়। রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল জলিল মিয়ার মেয়াদ শেষ হবে আগামী মে মাসে। কিন্তু তাঁর বিরুদ্ধে নিয়োগসহ বেশকিছু ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তুলে আন্দোলন করছে এই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষকদের একটি অংশ। মেয়াদ শেষে সেখানেও নতুন উপাচার্য নিয়োগ দেওয়ার চিন্তাভাবনা চলছে।