হলমার্ক গ্রুপের অর্থ কেলেঙ্কারি এবং এতে রাষ্ট্রায়ত্ত কয়েকটি ব্যাংকের দুর্নীতির অভিযোগ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। এ জন্য কমিটি পাঁচটি ব্যাংকের কার্যক্রম তদন্ত করতে একটি উপকমিটি গঠন করেছে। গতকাল সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।সংসদ সচিবালয় থেকে জানানো হয়, কমিটির সদস্য তাজুল ইসলামকে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। অপর দুই সদস্য হলেন এম এ মান্নান ও গোলাম দস্তগীর গাজী। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সংসদীয় তদন্ত কমিটি সোনালী, অগ্রণী, রূপালী, জনতা ও বেসিক ব্যাংকের প্রথম ১০ জন সর্বোচ্চ ঋণগ্রহীতার লেনদেনসহ সার্বিক কাজ এবং সম্প্রতি আলোচনায় আসা হলমার্কের ঋণ গ্রহণের বিষয়টি খতিয়ে দেখবে। কমিটিকে দুই সপ্তাহের মধ্যে এ-সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বৈঠক শেষে তদন্ত কমিটির আহ্বায়ক তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, রাষ্ট্রায়ত্ত চারটি ও বেসিক ব্যাংকের সামগ্রিক চিত্র খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, কমিটির সদস্যরা হলমার্কের অর্থ কেলেঙ্কারির ঘটনা এবং এতে ব্যাংকগুলোর ভূমিকায় হতাশ। ব্যাংকগুলোর আর্থিক লেনদেন, নিয়ম সঠিকভাবে পালন করা হচ্ছে কি না, তা-ও কমিটি খতিয়ে দেখবে।সংসদীয় কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, মো. আলী আশরাফ, এ কে এম মাঈদুল ইসলাম ও তাজুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।