পাঁচ ব্যাংকের চেয়ারম্যানদের মেয়াদ দুই বছর করে বাড়ল
রাষ্ট্রমালিকানাধীন পাঁচ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের মেয়াদ দুই বছর বাড়িয়েছে সরকার। তবে সাম্প্রতিক সময়ে বহুল আলোচিত সোনালী ব্যাংকের চেয়ারম্যানের মেয়াদ বাড়ানো হয়েছে ‘পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত’। আর বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে (বিডিবিএল) নতুন চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদের মেয়াদও দুই বছরের জন্য বাড়ানো হয়েছে গতকাল। অন্য ব্যাংকগুলো হলো: অগ্রণী, রূপালী, জনতা, বেসিক ও আনসার-ভিডিপি উন্নয়ন। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গতকাল বুধবার এ বিষয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করেছে। বর্তমানে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আছেন কাজী বাহারুল ইসলাম, অগ্রণী ব্যাংকে খন্দকার বজলুল হক, জনতা ব্যাংকে আবুল বারকাত, রূপালী ব্যাংকে আহম্মদ আল কবির, বেসিক ব্যাংকে শেখ আবদুল হাই, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে এ. তাহের। ২০০৯ সালে তাঁদের সবাই তিন বছরের জন্য এই নিয়োগ পেয়েছিলেন। বিডিবিএলের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন ব্যাংকটির পরিচালক শান্তি নারায়ণ ঘোষ। সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংকের চেয়ারম্যানের মেয়াদ শেষ হওয়ার কথা আগামী শনিবার। বেসিক ব্যাংকের চেয়ারম্যানের মেয়াদ রোববার এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের মেয়াদ ১৩ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা। তবে চলতি বছরের ১২ ডিসেম্বর পর্যন্ত মেয়াদ আছে রূপালী ব্যাংকের চেয়ারম্যানের। তিন মাস আগেই তাঁর মেয়াদ আরও দুই বছর বাড়ানো হলো।