পাঁচ মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর শপথ
মহাজোট সরকারের সম্প্রসারিত মন্ত্রিসভায় আজ বৃহস্পতিবার শপথ নিয়েছেন নতুন পাঁচজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী। বেলা সাড়ে তিনটায় রাষ্ট্রপতি জিল্লুর রহমান বঙ্গভবনে তাঁদের শপথবাক্য পাঠ করান।শপথ নেওয়া মন্ত্রীরা হলেন: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় সংসদের বর্তমান হুইপ ও আওয়ামী লীগের নেতা মুজিবুল হক, দিনাজপুর-৪ আসনের আওয়ামী লীগের সাংসদ এ এইচ মাহমুদ আলী ও যশোর-২ আসনের সাংসদ মোস্তফা ফারুক মোহাম্মদ।এ ছাড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাজশাহী আওয়ামী লীগের সাংসদ ওমর ফারুক চৌধুরী ও ঝিনাইদহ আওয়ামী লীগের সাংসদ আবদুল হাই।শপথ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ।মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা প্রথম আলো ডটকমকে বলেন, সরকারের আমন্ত্রণ সত্ত্বেও আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংসদ তোফায়েল আহমেদ ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন মন্ত্রী হিসেবে শপথ না নেওয়ার সিদ্ধান্ত নেন। আপাতত কোনো মন্ত্রী বাদ পড়ছেন না বলেও জানা গেছে। নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়ে মন্ত্রিসভার বর্তমান সদস্যসংখ্যা ৫৩। এ ছাড়া প্রধানমন্ত্রীর সাতজন উপদেষ্টা রয়েছেন। এর মধ্যে ছয়জন মন্ত্রীর পদমর্যাদা ও একজন প্রতিমন্ত্রীর পদমর্যাদার। ২০০৯ সালের ৬ জানুয়ারি বর্তমান সরকারের মন্ত্রিসভা শপথ নেয়। সাংবিধানিকভাবে বর্তমান মহাজোট সরকারের মেয়াদ আছে আগামী বছরের ২৫ অক্টোবর পর্যন্ত।