পাঁচ মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাজোট সরকারের মন্ত্রিসভায় আরও সাতজন অন্তর্ভুক্ত হলেন। গতকাল বৃহস্পতিবার পাঁচজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নিয়ে চারবার মন্ত্রিসভা সম্প্রসারণ করলেন।তবে গতকাল আলোচিত বিষয় ছিল আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদ ও ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেননের মন্ত্রী হতে রাজি না হওয়া। এ জন্য শেষ মুহূর্তে নতুন মন্ত্রীদের তালিকা পরিবর্তন করা হয়।গতকাল বেলা সোয়া তিনটায় বঙ্গবভনের দরবার হলে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান মন্ত্রিসভার নবনিযুক্ত সদস্যদের শপথবাক্য পাঠ করান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় উপস্থিত ছিলেন। এ নিয়ে বর্তমান মন্ত্রিসভার সদস্যসংখ্যা দাঁড়াল ৫৩। এ ছাড়া প্রধানমন্ত্রীর সাতজন উপদেষ্টাও রয়েছেন। তাঁদের ছয়জন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী পদমর্যাদার।প্রধানমন্ত্রী চারবার মন্ত্রিসভা সম্প্রসারণ করলেও সৈয়দ আবুল হোসেন ছাড়া এখন পর্যন্ত আর কেউ বাদ পড়েননি। অবশ্য তানজিম আহমদ সোহেল তাজ প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন।শপথ নেওয়া নতুন মন্ত্রীরা হলেন: মহীউদ্দীন খান আলমগীর, হাসানুল হক ইনু, এ এইচ মাহমুদ আলী, মোস্তফা ফারুক মোহাম্মদ ও মুজিবুল হক। দুই প্রতিমন্ত্রী হলেন ওমর ফারুক চৌধুরী ও আবদুল হাই। তাঁদের মধ্যে হাসানুল হক ইনু আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক জাসদের সভাপতি। অন্যরা আওয়ামী লীগের সাংসদ। এখন পর্যন্ত নতুন মন্ত্রীদের দপ্তর দেওয়া হয়নি।যোগ-বিয়োগ সব জায়গায়ই হয়ে থাকে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বুধবার রাতে মন্ত্রিসভার নতুন সাত সদস্যের যে তালিকা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠান, তাতে তোফায়েল আহমেদ ও রাশেদ খান মেননের নাম ছিল। কিন্তু তোফায়েল আহমেদ শপথ না নেওয়ার কথা গতকাল দুপুর ১২টায় এবং মেনন একটার সময় মন্ত্রিপরিষদ সচিবকে জানিয়ে দেন। বঙ্গভবনে মন্ত্রিসভার শপথের পর এই দুই নেতার শপথ না নেওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমার কোনো প্রতিক্রিয়া নেই। সাতজন শপথ নেওয়ার কথা ছিল, সাতজন শপথ নিয়েছেন।’ শপথ না নিয়ে তোফায়েল আহমেদ নির্দেশ অমান্য করেছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তো তাঁকে ফোন করিনি। আমি কিছু বলিনি। আমি যদি বলতাম, আর তিনি না শুনলে তা শৃঙ্খলা ভঙ্গের বিষয় ছিল।’ মন্ত্রিপরিষদ সচিব তো তাঁকে ফোন করেছেন—এ বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, ‘মন্ত্রিপরিষদ সচিব তো অনেককেই ফোন করেছেন।’আরেক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, আগামী রোববার অফিস খুলবে। তার আগেই মন্ত্রীদের দপ্তর জানিয়ে দেওয়া হবে। মন্ত্রিসভায় আরও রদবদল হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘সব কথা তো বলা যাবে না।’ মন্ত্রীদের কেউ বাদ পড়বেন কি না, এর উত্তরে তিনি বলেন, ‘যোগ-বিয়োগ সব জায়গায়ই হয়ে থাকে।’শেষ মুহূর্তে দুজনকে অন্তর্ভুক্তি: সরকারি সূত্র জানায়, তোফায়েল ও মেননের অস্বীকৃতির পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ এইচ মাহমুদ আলী ও মোস্তফা ফারুক মোহাম্মদকে মন্ত্রী করার সিদ্ধান্ত নেন। বেলা একটার দিকে মন্ত্রিপরিষদ সচিব তাঁদের শপথ নেওয়ার জন্য বঙ্গভবনে আমন্ত্রণ জানান। তড়িঘড়ি প্রস্তুতি নিয়ে তাঁরা শপথ নিতে যান। মাহমুদ আলী দিনাজপুর ও মোস্তফা ফারুক মোহাম্মদ যশোর থেকে নির্বাচিত সাংসদ। তাঁরা দুজনেই সাবেক রাষ্ট্রদূত।বঙ্গভবন: বেলা তিনটার মধ্যেই মন্ত্রিসভার নতুন সাত সদস্য শপথ নিতে দরবার হলে উপস্থিত হন। সোয়া তিনটায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে দরবার হলে পৌঁছান। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞার পরিচালনায় শপথ অনুষ্ঠানে প্রথমে পাঁচজন মন্ত্রী ও পরে দুজন প্রতিমন্ত্রী শপথ নেন। শপথ নিয়ে মন্ত্রীরা প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ এ সময় উপস্থিত ছিলেন।প্রতিক্রিয়া: শপথ নিয়ে হাসানুল হক ইনু বলেন, ‘রাজনৈতিক কারণে মহাজোটে প্রবেশ করেছি, নির্বাচন করেছি, সরকারকে সমর্থন দিয়েছি। একইভাবে রাজনৈতিক কারণে মন্ত্রী হয়েছি।’মুজিবুল হক বলেন, ‘ফুটবল মাঠে ১১ জন খেলোয়াড় থাকলেও সাইডলাইনে কিছু অতিরিক্ত খেলোয়াড় থাকে। খেলা শেষ হওয়ার ১৫ মিনিট আগে অতিরিক্ত খেলোয়াড়কে মাঠে নামিয়ে গোল করানো হয়। আমরাও এই বেলায় মন্ত্রিসভায় যোগ দিয়ে দল ও সরকারকে আরও সাফল্যের দিকে নিয়ে যাব।’