পাঁচ মামলায় মির্জা ফখরুলের ছয় মাসের জামিন
পৃথক পাঁচ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছয় মাসের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এই জামিন মঞ্জুর করেন।এই পাঁচ মামলায় জামিনের ফলে মির্জা ফখরুলের মুক্তি পেতে আইনগত বাধা নেই বলে আইনজীবী সূত্রগুলো জানিয়েছে।গত ২ মার্চ পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পল্টন, রমনা ও শাহজাহানপুর থানায় পৃথক পাঁচটি মামলা হয়। এই পাঁচ মামলায় মির্জা ফখরুল হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে বিষয়টি ২৮ এপ্রিল বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় ছিল। ওই দিন বেঞ্চের বিচারপতি শেখ মো. জাকির হোসেন আবেদন শুনতে বিব্রত বোধ করেন।পরে বিষয়টি প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের কাছে যায়। প্রধান বিচারপতি বিষয়টি শুনানির জন্য বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে পাঠান। গত মঙ্গলবার ও আজ রোববার শুনানি হয়।আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন মওদুদ আহমদ এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির।