পাঁচ মুখ্যমন্ত্রী সঙ্গে নিয়ে আসছেন মনমোহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রানজিট চালুর পাশাপাশি পানি বণ্টন ও বাণিজ্য সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সম্পর্ক উত্তরোত্তর বাড়বে। এই প্রেক্ষাপটে আগামী ৬ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠেয় হাসিনা-মনমোহন শীর্ষ বৈঠকে গুরুত্ব পাবে ওই রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সম্প্রসারণ।পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরসঙ্গী হিসেবে ঢাকায় আসবেন পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় ও মিজোরামের মুখ্যমন্ত্রী। এই পাঁচজনই আসছেন ভারতের কেন্দ্রীয় সরকারের উদ্যোগে।মন্ত্রণালয়ের অন্য একজন কর্মকর্তা বলেন, ভারতের বিচ্ছিন্নতাবাদ দমনে বাংলাদেশের সহযোগিতার ব্যাপারে দিল্লি ভূয়সী প্রশংসা করছে। বিশেষ করে, আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সদস্যদের আটক ও হস্তান্তরে বাংলাদেশ সক্রিয় ভূমিকা রেখেছে। এই প্রেক্ষাপটে আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের ঢাকা সফর বেশ তাৎপর্যপূর্ণ।এদিকে, ভারতের প্রধানমন্ত্রীর সফর প্রস্তুতির অংশ হিসেবে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার-প্রধানের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মনমোহনের সফরের নিরাপত্তার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সফরসঙ্গী পাঁচ মুখ্যমন্ত্রী: ভারতের পক্ষ থেকে গত সোমবার বাংলাদেশকে জানানো হয়েছে, মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় সফরসঙ্গী হিসেবে বাংলাদেশে আসবেন সীমান্তবর্তী পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রীরা। তাঁরা হলেন পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়, ত্রিপুরার মানিক সরকার, আসামের তরুণ গগৈ, মেঘালয়ের মুকুল সাংমা ও মিজোরামের পু লালথানওয়ালা। পাঁচজন মুখ্যমন্ত্রীর সফর প্রসঙ্গে জানতে চাইলে দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, ভারতের কেন্দ্রীয় সরকারের উদ্যোগে তাঁরা ঢাকায় আসবেন। এর আগে অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় ও তরুণ গগৈকে ঢাকা সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল। পাঁচ মুখ্যমন্ত্রীর সফর প্রসঙ্গে জানতে চাইলে দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, ভারতের কেন্দ্রীয় সরকারের উদ্যোগে তাঁরা ঢাকা আসবেন। এর আগে অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় ও তরুণ গগৈকে ঢাকা সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তাঁদের মনমোহনের সফরে নয়, সুবিধাজনক যেকোনো সময় বাংলাদেশ সফরের নিমন্ত্রণপত্র পাঠানো হয়। তিনি বলেন, ট্রানজিট ও পানি বণ্টনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসাম এবং বাণিজ্যের ক্ষেত্রে মেঘালয় ও মিজোরামের সঙ্গে আগামী দিনগুলোতে সহযোগিতা বাড়বে। এ প্রেক্ষাপটে ওই পাঁচজন মুখ্যমন্ত্রীর সফর গুরুত্ব বহন করছে। এদিকে, তরুণ গগৈ আসামের গণমাধ্যমকে বলেছেন, সড়ক ও রেলপথের পাশাপাশি নৌপথে বাংলাদেশের সঙ্গে যোগাযোগের পুরোনো রুটগুলো চালু হলে অর্থনৈতিকভাবে যথেষ্ট উপকৃত হবে আসাম। ঢাকা সফরের সময় এ ব্যাপারে তিনি বাংলাদেশের সহযোগিতা চাইবেন। তরুণ গগৈ আরও বলেন, দীর্ঘদিন ধরে তাঁর রাজ্য যোগাযোগবিচ্ছিন্ন থাকায় পিছিয়ে ছিল। বাংলাদেশের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে তা অনেকটাই কাটিয়ে ওঠা যাবে। উলফা নেতা অনুপ চেটিয়াকে মনমোহনের সফরের আগেই ভারতের হাতে তুলে দেওয়া হবে কি না, জানতে চাইলে আসামের মুখ্যমন্ত্রী বলেন, এ ব্যাপারে ভারতের কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে। শেষ পর্যন্ত কী হয়েছে, সে সম্পর্কে তাঁর জানা নেই।প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের শেষ দিক থেকে উলফা নেতাদের আটক করে ভারতের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে বাংলাদেশ। সইয়ের তালিকায় থাকা চুক্তিগুলো: দুই প্রধানমন্ত্রীর বৈঠক শেষে পানি বণ্টন, বিদ্যুৎ, জ্বালানিসহ বেশ কয়েকটি চুক্তি সইয়ের কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ প্রতিবেদককে বলেন, ‘এখন পর্যন্ত আমরা ১৩টি চুক্তি, সমঝোতা স্মারক ও প্রটোকল সইয়ের জন্য চূড়ান্ত করেছি। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—তিস্তা ও ফেনী নদীর পানি বণ্টন, ছিট ও অপদখলীয় জমি বিনিময় ও সাড়ে ছয় কিলোমিটার চিহ্নিতকরণসংক্রান্ত সীমান্ত প্রটোকল, ভারত থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেনা, যৌথ বিনিয়োগে কয়লাভিত্তিক ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি, সুন্দরবন সুরক্ষা এবং বিটিভি ও দূরদর্শনের সম্প্রচার বিনিময়।’মন্ত্রণালয়ের অন্য একজন কর্মকর্তা বলেন, ভারতের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার স্বাস্থ্য খাতে সহযোগিতার বিষয়ে একটি চুক্তি সইয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। ওই চুক্তি অনুযায়ী ভারতের প্রখ্যাত চিকিৎসাবিজ্ঞান ইনস্টিটিউটে প্রশিক্ষণের সুযোগ পাবেন বাংলাদেশের চিকিৎসকেরা।