পাঁচ রিটের ব্যাপারে আদেশ কাল
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) ২সিসি ধারাকে চ্যালেঞ্জ করে পাঁচটি কোম্পানির ২৪ জন পরিচালকের দায়ের করা রিটের ব্যাপারে আদালত কাল আদেশ দেবেন। আজ রোববার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে বেলা ১১টা থেকে বিকেল তিনটা পর্যন্ত শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের এ কথা জানান।অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আদালত দুই পক্ষের বিস্তারিত বক্তব্য শুনেছেন। রিটের পক্ষের আইনজীবীরা তাঁদের যুক্তি তুলে ধরেছেন। আমরাও আমাদের যুক্তি তুলে ধরি। এসইসির ২সিসি ধারাটি বিনিয়োগকারীদের স্বার্থে এবং বাজারের স্থিতিশীলতা রক্ষার স্বার্থে করা হয়েছে। আর আমরা এ বিষয়টি আদালতে তুলে ধরেছি।’আদালতে রিটের পক্ষের শুনানিতে অংশ নেন ড. কামাল হোসেন, রোকনউদ্দিন মাহমুদ, মাহমুদুল ইসলাম ও আকতার ইমাম। অন্যদিকে এসইসির পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।এর আগে সকালে প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেনের আদালতে পাঁচটি রিটের বিষয়টি উঠলে তিনি এটির শুনানির জন্য ৩০ নম্বর আদালতে (অ্যানেক্স ভবন) পাঠান।উল্লেখ্য, ২২ মে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানির ২৪ জন পরিচালক এসইসির ২সিসি ধারাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন। আদালত বাদীপক্ষের আইনজীবীদের রিট গ্রহণ করে উভয় পক্ষের বক্তব্য শোনেন।ওই দিন এনসিসি ব্যাংকের পরিচালক মাহবুবুল আলমসহ নয় পরিচালকের পক্ষে ড. কামাল হোসেন; মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক আবদুল জলিল, ইঞ্জিনিয়ার মনসুরুজ্জামান, শফিকুর রহমান ও শাহেদ রেজার পক্ষে আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ, সাউথইস্ট ব্যাংকের পরিচালক রেহানা রহমানের পক্ষে ড. কামাল হোসেন; ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের পরিচালক মাহমুদুল হক তাহেরসহ নয় পরিচালকের পক্ষে ড. কামাল হোসেন ও মাহমুদুল ইসলাম এবং প্রাইম ফাইন্যান্সের পরিচালক এম এন এইচ বুলুর পক্ষে আকতার ইমাম শুনানিতে অংশ নেন।পরে আদালত এই পাঁচটি রিটের বিষয়ে সিদ্ধান্ত দিতে প্রধান বিচারপতির কাছে পাঠান।