পাঁচ লাখ ইট মাত্র পাঁচ লাখ টাকায় বিক্রি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পায়ে শেকল বেঁধে শ্রমিকদের ওপর অমানুষিক নির্যাতনের অভিযোগে বন্ধ করে দেওয়া আশুলিয়ার পাড়াগ্রামের মেসার্স একতা ব্রিকস নামের সেই ইটভাটার ইট ও চিমনিসহ অন্যান্য মালামাল নিলামে বিক্রি করে দেওয়া হয়েছে। ওই এলাকার হাবিবুর রহমান মাত্র পাঁচ লাখ টাকায় ইটসহ মালামাল কিনে নেন।মানিকগঞ্জ, যশোর ও সাতক্ষীরার বিভিন্ন উপজেলার এক নারীশ্রমিকসহ ৩০ জন শ্রমিক একতা ব্রিকসে কাজ করতেন। ভাটার মালিকেরা তাঁদের লোকজন দিয়ে ওই শ্রমিকদের পায়ে শেকল পরিয়ে কাজ করাতেন। তাঁদের ওপর কথায় কথায় চালানো হতো অমানুষিক নির্যাতন। গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা বুধবার রাতে ওই ইটভাটায় অভিযান চালিয়ে দুটি তালাবদ্ধ কক্ষ থেকে শ্রমিকদের উদ্ধার করেন। ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে ইটভাটাটি বন্ধ করে দেন। বাজেয়াপ্ত করা হয় ভাটার এক লাখ পোড়া ও চার লাখ আধা পোড়া ইট। বাজেয়াপ্ত ইট ও চিমনিসহ অন্যান্য মালামাল নিলামে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা করার নির্দেশও দেন আদালত। নির্দেশ অনুযায়ী সাভারের সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফুজ্জামানের উপস্থিতিতে গতকাল প্রকাশ্য নিলামের মাধ্যমে ইট ও অন্যান্য মালামাল বিক্রি করা হয়। সহকারী কমিশনার (ভূমি) বলেন, সব প্রস্তুতি সম্পন্ন করে গতকাল সকালে তিনি পুলিশ নিয়ে ওই ইটভাটায় উপস্থিত হন। এরপর নিলামের আনুষ্ঠানিকতা শুরু করেন। ১০ জন নিলামে অংশ নেন। তাঁদের মধ্যে সর্বোচ্চ দরদাতা পাড়াগ্রামের হাবিবুর রহমানকে পাঁচ লাখ টাকায় এক লাখ পোড়া ইট, চার লাখ আধা পোড়া ইট, একটি টেলিভিশন, একটি ভিসিডি ও ভাটার চিমনি দেওয়া হয়।এদিকে নিলামে অংশ নিতে না পারা কয়েকজন অভিযোগ করেন, নিলামে অংশ নিতে যাওয়ার পথে পাড়াগ্রামের কয়েকজন লোক তাঁদের বাধা দেন। তাঁরা জানান, পাঁচ লাখ ইটের সর্বনিম্ন মূল্য ২৫ লাখ টাকা। এ ছাড়া চিমনিসহ অন্যান্য মালামাল তো ছিলই। ধামরাইয়ের ইট ব্যবসায়ী আতিকুর রহমান বলেন, নিলামে অংশ নিতে আসার পথে পাড়াগ্রামের লোকজন তাঁকে শাসিয়েছেন। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও তিনিসহ কয়েকজন নিলামে অংশ নিতে পারেননি। তিনি বলেন, বর্তমান বাজার মূল্য অনুযায়ী এক লাখ পোড়া ইটের সর্বনিম্ন দাম পাঁচ লাখ টাকা। এ ছাড়া এক লাখ পোড়া ইটের সঙ্গে আরও চার লাখ আধাপোড়া ইট ও চিমনি রয়েছে।নিলামে উপস্থিত থাকা আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রশীদ বলেন, নিলামে আসা কাউকে ভয়ভীতি দেখানোর অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হতো। কম দামে ইট বিক্রি করার অভিযোগ সম্পর্কে সহকারী কমিশনার (ভূমি) বলেন, নিয়মানুযায়ী কোনো মালামাল নিলামে বিক্রি করার ক্ষেত্রে সর্বোচ্চ দরদাতাকে প্রাধান্য দিতে হয়। বিক্রীত মালামালের দাম বেশি থাকলেও কিছু করার থাকে না। একতা ব্রিকসের ইট ও মালামাল নিলামে বিক্রি করার ক্ষেত্রে এমনটিই হয়েছে।