পাঁচ লাখ শ্রমিক বিদেশে পাঠানো সম্ভব হবে: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছর বিভিন্ন দেশে পাঁচ লাখ শ্রমিক পাঠানো সম্ভব হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।আজ বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘সোনার মানুষ’ পুরস্কার প্রদান ও রেমিট্যান্স উত্সব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট (রামরু) এবং ইসলামী ব্যাংক।অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের জনশক্তি তেমন প্রশিক্ষিত না। আমরা অবশ্য প্রশিক্ষণের ব্যবস্থাও ঠিকমতো করতে পারছি না। তবে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারের বর্তমান সামর্থ্যে ৫০ হাজার শ্রমিককে প্রশিক্ষণ দিতে পারি। আশা করি, কিছুদিনের মধ্যে প্রশিক্ষিত শ্রমিকের সংখ্যা দ্বিগুণ করতে পারব।’বিশ্বব্যাপী বাংলাদেশের শ্রমিকেরা নির্যাতনের শিকার হচ্ছেন স্বীকার করে অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের দেশ থেকে গিয়ে শ্রমিকেরা নানা নির্যাতনের শিকার হচ্ছে। চুক্তিবদ্ধ হয়ে গিয়েও চুক্তিকৃত চাকরি পাচ্ছে না।’ তিনি বলেন, শ্রমিকদের ভিসা পেতে নানাভাবে ঘুষ দেওয়া ও দালালদের খপ্পরে পড়ে হয়রানির শিকার হতে হয়। এতে তাঁদের খুব কষ্ট হয়। এসব বন্ধে সরকার চেষ্টা করছে।অর্থমন্ত্রী বলেন, গত কয়েক বছরে প্রবাসীদের পাঠানো আয়ের (রেমিট্যান্স) পরিমাণ বেড়েছে। এ দেশ থেকে বেশি শ্রমিক যাওয়ায় রেমিট্যান্স বেশি এসেছে, বিষয় তা নয়। রেমিট্যান্স পাঠানোর পদ্ধতি সহজ করা, ব্যাংকিং চ্যানেলের উন্নতির কারণে তাঁরা সহজে রেমিট্যান্স পাঠাতে পারছেন।প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়-বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ বলেন, প্রবাসীদের জন্য প্রবাসীকল্যাণ ব্যাংক করা হয়েছে। কিন্তু এই ব্যাংকের কোনো সুবিধা তাঁরা পান না। সত্যিকার অর্থেই যদি তাঁদের উপকার করতে হয়, তাহলে এই ব্যাংককে পুরোদমে তাঁদের সেবায় নিয়োজিত করতে হবে।আনিসুল ইসলাম বলেন, সারা বিশ্বে যখন বিশ্ব মন্দা চলছে, তখনো পাঁচ লাখ লোক এদেশ থেকে বিদেশে যাচ্ছেন। একটু চেষ্টা করলেই এ দেশের জনশক্তি রপ্তানির পরিমাণ বাড়ানো সম্ভব হবে।