পাঁচ শিক্ষার্থীর বহিষ্কার আদেশ হাইকোর্টে স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর বহিষ্কারাদেশের কার্যকরতা ছয় মাসের জন্য স্থগিত করে দিয়েছেন হাইকোর্ট। গত সোমবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি সৈয়দা আফসার জাহানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পাঁচ শিক্ষার্থীর করা এক রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই সঙ্গে বহিষ্কারাদেশ কেন প্রত্যাহার করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। চার সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও রেজিস্ট্রারসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। রিট আবেদনকারী পাঁচ শিক্ষার্থী হলেন—ইংরেজি ডিসিপ্লিনের মো. আতিকুর রহমান, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের এ কে এম কাওছার পারভেজ, স্থাপত্য ডিসিপ্লিনের শিবাজী বাগচী, ব্যবসায় প্রশাসনের ইসরাফিল গাজী ও পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের মো. আবু জোবায়ের।গত ৫ এপ্রিল একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ৪ জুন শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ১৪৩তম সিন্ডিকেটে বিশ্ববিদ্যালয় ভাঙচুর ও শিক্ষকদের গালিগালাজের অভিযোগে বিশ্ববিদ্যালয় ৩৪ শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়। অভিযুক্ত শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশও নিষিদ্ধ করা হয়। এর বিরুদ্ধে শিক্ষার্থীরা একাডেমিক কাউন্সিলে আপিল করলে ২৯ জুন তাঁদের শাস্তি অর্ধেকে কমিয়ে আনা হয়। একাডেমিক কাউন্সিলের ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করেই হাইকোর্টে রিট আবদেন করা হয়।