পাঁচ সংগঠনকে যুক্ত করে সন্ত্রাসবিরোধী আইন অনুমোদন
নিষিদ্ধঘোষিত পাঁচটি সংগঠন শাহদাত-ই-আল হিকমা পার্টি বাংলাদেশ, জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি), জামাআতুল মুজাহিদীন, হরকাতুল জিহাদ আল ইসলাম ও হিযবুত তাহ্রীর বাংলাদেশের নাম সন্ত্রাসবিরোধী আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া আরও কিছু পরিবর্তন এনে সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন ২০১৩-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। খসড়ায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও সন্ত্রাসে অর্থায়নের জন্য সর্বোচ্চ ২০ বছর কারাদণ্ড ও জরিমানার বিধান প্রস্তাব করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আন্তরাষ্ট্রীয় সংস্থা এশিয়া প্যাসিফিক গ্রুপ (এপিজি) ও ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্স (এফএটিএফ) আন্তর্জাতিক মানদণ্ডে সন্ত্রাসবিরোধী বিদ্যমান আইন সংশোধনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশকে নির্দেশনা দিয়েছে। সন্ত্রাসবিরোধী পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশকে জাতিসংঘের সন্ত্রাসবিরোধী নয়টি কনভেনশন অনুসরণ এবং বাস্তবায়ন করতে হবে। এ ছাড়া সন্ত্রাস দমনে যেসব প্রটোকল ও চুক্তিতে বাংলাদেশ সম্মতি দিয়েছে, তা-ও মেনে চলতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে শাস্তির পরিমাণও সংশোধন করা হয়েছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে (১৪ ফেব্রুয়ারি) এই আইন সংশোধন করা না হলে কালো তালিকাভুক্ত হওয়ার ঝুঁকি আছে বাংলাদেশের।গতকাল সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই আইনের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা। এই আইন ভেটিং (আইনি মতামত) সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে সন্ত্রাস দমন ও সন্ত্রাসে বিদেশের অর্থায়নের বিষয়ে তদন্ত জোরদার করার সুযোগ সৃষ্টি হবে। বিভিন্ন অপরাধ প্রতিরোধ করার জন্য ২০০৯ সালে সন্ত্রাস দমন আইন করা হয়। এর সংশোধনীতে বলা হয়েছে, বাংলাদেশের মূল ভূখণ্ডে থাকা ব্যক্তি বা ব্যক্তিরা ছাড়াও বাংলাদেশে নিবন্ধিত কোনো জাহাজ এবং আকাশযান বা বিমানে থাকা কোনো ব্যক্তি বা ব্যক্তিরা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ত হলে তাদেরও এই আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে। এই আইনে অপরাধ করার জন্য ষড়যন্ত্র করাকেও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।সংশোধনীতে বলা হয়েছে, কোনো বিদেশি নাগরিক তার নিজের দেশে বা অন্য কোনো দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করে বাংলাদেশে আশ্রয় নিলে তাকেও সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইনে গ্রেপ্তার করে বিচার করা যাবে। বিচারের সময় তার অপরাধ বাংলাদেশে করা হয়েছে বলে ধরে নিতে হবে। এর ফলে অন্য দেশে সন্ত্রাসের অভিযোগে অভিযুক্ত কাউকে এখানে আত্মগোপন বা নির্বিঘ্নে অবস্থান করার সুযোগ থাকবে না।সন্ত্রাস দমনে কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতাও বাড়ানো হয়েছে। সন্দেহজনক যেকোনো লেনদেনকে এই আইনের আওতায় আনা হয়েছে। এতে বেসরকারি সংস্থাগুলোর টাকা লেনদেনের বিষয়টিও পুরোপুরি স্বচ্ছতা ও জবাবদিহির আওতায় আসবে।গতকালের বৈঠকে ‘দ্য পার্টনারশিপ (সংশোধন) আইন-২০১৩’-এর নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর মধ্য দিয়ে বিভিন্ন সেবার ফি বাড়ানো হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।বৈঠকে বাংলাদেশ পানি সুরক্ষা আইন-২০১৩-এর খসড়াও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া প্রতিবন্ধীদের অধিকার সংজ্ঞায়িত করে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা আইন-২০১৩-এর নীতিগত এবং দ্য সোসাইটিস রেজিস্ট্রেশন (সংশোধন) আইন ২০১৩-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সড়ক সংরক্ষণ তহবিল বোর্ড আইন ২০১৩-এর খসড়াও অনুমোদন করেছে মন্ত্রিসভা।