ঢাকার চারপাশের বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদী রক্ষায় হাইকোর্টের দেওয়া নির্দেশনা অনুসারে স্থায়ী-অস্থায়ী স্থাপনা অপসারণ না করায় আদালত অবমাননার আবেদন করা হয়েছে। সরকারের পাঁচ সচিব ও ছয় কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে এ আবেদনটি করা হয়।কাল সোমবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি এম মোয়াজ্জেম হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।আজ রোববার বেলা দেড়টার দিকে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ আবেদনটি দায়ের করেন। পাঁচ সচিবসহ অন্য কর্মকর্তা হলেন পরিকল্পনা, নৌপরিবহন, যোগাযোগ, অর্থ, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান, ভূমি জরিপ ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এবং ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক।এ ব্যপারে মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, ২ জুলাই ছয়জন সচিব ও ছয় কর্মকর্তার বিরুদ্ধে আইনি নোটিশ (লিগ্যাল নোটিশ) পাঠানো হয়। এতে জবাব দেওয়ার জন্য সাত দিন সময় বেঁধে দেওয়া হয়। শুধু পরিবেশসচিব নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব দিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘এরই মধ্যে ওইসব এলাকা পরিবেশগত সংকটাপন্ন ঘোষণা করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুসারে সীমানা নির্ধারণের পর সেখানে গাছ লাগানো হবে।’ কিন্তু অন্যরা কোনো জবাব না দেওয়ায় তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়েছে।এর আগে পরিকল্পনা, পরিবেশ, নৌপরিবহন, যোগাযোগ, অর্থ, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান, ভূমি জরিপ ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এবং ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বরাবর ওই নোটিশ পাঠানো হয়।চার নদী রক্ষায় আদালতের নির্দেশনা চেয়ে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবী ২০০৯ সালে হাইকোর্টে রিটটি আবেদন করেন। রিটের চূড়ান্ত শুনানি নিয়ে ওই বছরের ২৫ জুন আদালত ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেন।এতে চার নদীর মধ্যে অবস্থিত সব স্থায়ী-অস্থায়ী স্থাপনা ২০১০ সালের ৩০ নভেম্বরের মধ্যে অপসারণ বা উচ্ছেদ করার নির্দেশনাসহ নদীতীরে সীমানা পিলার স্থাপন করার কথা বলা হয়। তবে এ নির্দেশনা বাস্তবায়নে রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করলে গত বছরের ৬ অক্টোবর হাইকোর্ট চলতি বছরের ৩০ মে পর্যন্ত সময় দেন। বেঁধে দেওয়া এ সময়ের এক মাস পেরিয়ে গেলেও ওই নির্দেশনা বাস্তবায়ন করা হয়নি বলে ২ জুলাই সাত দিনের সময় বেঁধে দিয়ে আইনি নোটিশ পাঠানো হয়। বলা হয়, অন্যথায় আদালত অবমানার আবেদন করা হবে। এরই ধারাবাহিকতায় আজ আবেদনটি করা হয়।