বুড়িগঙ্গাসহ ঢাকার আশপাশের চারটি নদ-নদী রক্ষায় হাইকোর্টের নির্দেশনা অনুসরণ না করায় পাঁচ সচিবসহ ১১ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি এম মোয়াজ্জাম হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন।পরিকল্পনাসচিব, নৌপরিবহনসচিব, যোগাযোগসচিব, অর্থসচিব ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং বিআইডব্লিউটিএয়ের চেয়ারম্যান, ভূমি জরিপ ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের বিরুদ্ধে রুল জারি করা হয়েছে। এঁদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা চার সপ্তাহের মধ্যে জানাতে বলা হয়েছে।বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ রক্ষায় হাইকোর্টের দেওয়া নির্দেশনা অনুসারে স্থায়ী-অস্থায়ী স্থাপনা অপসারণ করা হয়নি—অভিযোগে ১১ জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় গত রোববার একটি আবেদন করা হয়। গতকাল সোমবার দুপুরে আদালত অবমাননার রুল জারি করেন হাইকোর্ট। বিকেলে আদালত অবমাননার আবেদনটি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে করা হয়নি উল্লেখ করে রাষ্ট্রপক্ষ অস্বাক্ষরিত আদেশ প্রত্যাহারের আরজি জানান। আদালত আজ আবেদনের বিষয়ে আদেশের দিন ধার্য করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত আজ দুপুরে রুল জারি করেন। এর আগে শুনানিতে অংশ নিয়ে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বলেন, আদালত অবমাননার আবেদনে বিবাদীর নাম উল্লেখ করতে হয়। এ ক্ষেত্রে তা করা হয়নি। এ ছাড়া চার নদী রক্ষায় হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের জন্য সময় চেয়ে আবেদন করা হয়েছে। তাই আবেদনটি গ্রহণযোগ্য নয়। এর বিরোধিতা করে আবেদনকারীদের আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘নাম উল্লেখ ছাড়াও আদালত অবমাননার আবেদন করা হয়েছে। তাতে আদালত রুলও জারি করেছে। সময় চেয়ে আবেদন করা হয়েছে বলা হলেও আমি এ ধরনের আবেদনের বিষয়ে অবহিত নই।’ দুই পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ দেন। চার নদ-নদী রক্ষায় আদালতের নির্দেশনা চেয়ে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবী ২০০৯ সালে হাইকোর্টে রিট আবেদন করেন। রিটের ওপর চূড়ান্ত শুনানি নিয়ে ওই বছরের ২৫ জুন আদালত ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেন।এতে চার নদীর মধ্যে অবস্থিত সব স্থায়ী-অস্থায়ী স্থাপনা ২০১০ সালের ৩০ নভেম্বরের মধ্যে অপসারণ বা উচ্ছেদ করার নির্দেশনাসহ নদীতীরে সীমানা খুঁটি স্থাপন করতে বলা হয়। তবে এ নির্দেশনা বাস্তবায়নে রাষ্ট্রপক্ষ সময় আবেদন করলে গত বছরের ৬ অক্টোবর হাইকোর্ট চলতি বছরের ৩০ মে পর্যন্ত সময় দেন। বেঁধে দেওয়া ওই সময়ের এক মাস পেরিয়ে গেলেও ওই নির্দেশনা বাস্তবায়ন করা হয়নি বলে ২ জুন সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাবরে আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশে সাত দিনের মধ্যে আদালতের নির্দেশনা অনুসারে পদক্ষেপ নিতে বলা হয়। বলা হয়, নতুবা আদালত অবমাননার আবেদন করা হবে। এরই ধারাবাহিকতায় হাইকোর্টে আবেদনটি করা হয়।