পাঁচ সদস্যের এনরোলমেন্ট কমিটি
বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট-২০১২-এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।বার কাউন্সিলের সচিব নিয়োগ ও আইনজীবীদের তালিকাভুক্তির (এনরোলমেন্ট) জন্য কমিটি গঠনের বিধিতে পরিবর্তন আনা হয়েছে।মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা পরে সাংবাদিকদের জানান, জেলা জজ বা অতিরিক্ত জজ পদমর্যাদার কোনো কর্মকর্তাকে বার কাউন্সিলের সচিব হিসেবে নিয়োগ দেওয়া যাবে। বিদ্যমান আইনে এ বিষয়টি স্পষ্ট ছিল না। এ ছাড়া আইনজীবীদের তালিকাভুক্তির জন্য পাঁচ সদস্যের একটি এনরোলমেন্ট কমিটি গঠনের কথা বলা হয়েছে। সুপ্রিম কোর্টের একজন বিচারপতি কমিটির প্রধান হবেন। বিদ্যমান কমিটিতে তিনজন সদস্য রয়েছেন।এ ছাড়া হজ ও ওমরা ব্যবস্থাপনা আইন-২০১২ খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। হজ ব্যবস্থাপনা তদারকি প্রতিষ্ঠা করতে এ আইন করা হয়েছে।একই সঙ্গে প্রতিবছর ২৬ এপ্রিল বিশ্বে মেধা দিবসকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস হিসেবে পরিপত্রে অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।