পাঁচ সদস্যের নাগরিক তদন্ত কমিটি বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর ও লক্ষ্মীপুরে গুলিতে চারজন নিহত হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের নাগরিক তদন্ত কমিটি গঠন করেছে বিএনপি। আজ সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহাবুব হোসেনকে নাগরিক তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অপর চার সদস্য হলেন—জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদাল আহমেদ, সাবেক সাংসদ হাফিজুর রহমান, চিকিত্সক আবদুল মান্নান ও সাবেক বিচারক আবু তাহের।মির্জা ফখরুল ওই ঘটনায় পুলিশের করা দুটি তদন্ত কমিটি প্রত্যাখ্যান করে বলেন, পুলিশের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে দিয়েই তদন্ত করা হলে তা নিরপেক্ষ হবে না। সরকার ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য এমনটি করেছে। মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি ওই ঘটনার নিরপেক্ষ তদন্ত চেয়েছিল। বিচার বিভাগীয় অথবা কোনো সংস্থা দিয়ে ঘটনার তদন্ত করা যেতে পারত। তাতে ওই ঘটনা তদন্তে সরকারের সদিচ্ছার প্রমাণ পাওয়া যেত।