পাঁচ সাংবাদিককে মারধর করলেন চিকিৎসকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসকেরা আজ রোববার বেসরকারি টিভি চ্যানেলের তিন সাংবাদিকসহ পাঁচজনকে মারধর করেছেন। এরপর তাঁরা হাসপাতালের পুলিশ ক্যাম্পের পাশের মেডিকেল প্রতিবেদকদের বসার কক্ষে তালা ঝুলিয়ে দেন।প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসকদের হাতে রোগী লাঞ্ছিত হয়েছে—এমন খবর একাধিক দৈনিক ও টিভি চ্যানেলে প্রচার হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এর প্রতিবাদে আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সভাক্ষক্ষে শিক্ষানবিশ চিকিৎসকদের পূর্বনির্ধারিত সভা ছিল। বেলা ১১টার দিকে বাংলাভিশনের চিত্রসাংবাদিক উজ্জ্বল দাস সভার দৃশ্য ধারণ করেন। এ সময় শিক্ষানবিশ একজন চিকিৎসক উজ্জ্বল দাসকে বাধা দেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ওই চিকিৎসক উজ্জ্বলের কাছ থেকে ক্যামেরা কেড়ে নিয়ে মেঝেতে আছাড় মেরে সেটি ভেঙে ফেলেন। এ সময় শিক্ষানবিশ অন্য চিকিৎসকেরা উজ্জ্বলকে মারধর করেন। তাঁরা বাংলাভিশনের প্রতিবেদক রাসেল আহমেদকেও মারধর করেন।এরপর ওই চিকিৎসকেরা হাসপাতালের জরুরি বিভাগে সাংবাদিকদের ওপর হামলা চালান। হামলায় একুশে টেলিভিশনের প্রতিবেদক মুজাহিদ আহসান, এবিসি রেডিওর মেডিকেল প্রতিবেদক বুলবুল চৌধুরী ও এনটিভির মেডিকেল প্রতিবেদক আল আমিন আহত হন। একপর্যায়ে শিক্ষানবিশ চিকিৎসকেরা মেডিকেল প্রতিবেদকদের বসার কক্ষে তালা লাগিয়ে দেন। খবর পেয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নেতারা হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলেন। তাঁরা সাংবাদিকদের ওপর হামলার সঙ্গে জড়িত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ও সাংবাদিকদের বসার কক্ষটি খুলে দেওয়ার দাবি জানান। এ নিয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, তদন্ত করে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগামীকাল সোমবার অধ্যাপকদের সঙ্গে নির্ধারিত বৈঠকে এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হবে।