পাঁচ সড়কে সংস্কার, বাড়বে সৌন্দর্যও
২০ রমজানের মধ্যে রাজধানীর পাঁচটি সড়কের জরুরি সংস্কার করা হবে। একই সঙ্গে এসব সড়কের আশপাশের সৌন্দর্যও বাড়ানো হবে। জরুরি এসব রাস্তা সংস্কারে ব্যয় হবে ৩০ কোটি টাকা। আজ রোববার স্থানীয় সরকার বিভাগে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।সড়কগুলো হচ্ছে, মেয়র হানিফ উড়ালসেতু নির্মাণের এলাকা, মিরপুর ১০ নম্বর থেকে ১৪ নম্বর (রোকেয়া সরণি), মিরপুর দারুস সালাম থেকে আজিমপুর, রাসেল স্কয়ার থেকে পান্থপথ, তেজগাঁও সাত রাস্তার মোড় থেকে আড়ং শুটিং ক্লাব পর্যন্ত।এ প্রসঙ্গে জানতে চাইলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবু আলম মো. শহীদ খান প্রথম আলো ডট কমকে জানান, যানজট কমিয়ে জনগণের চলাচল নির্বিঘ্ন করতে আমরা এই জরুরি সংস্কারের উদ্যোগ নিয়েছি। তিনি বলেন, সরকার শতভাগ আন্তরিকতা নিয়ে সড়ক সংস্কারের কাজ করছে, তবে জরুরি সংস্কারের নামে যাতে অপচয় না হয়, তা খেয়াল রাখা হবে। তিনি বলেন, শুধু মেয়র হানিফ উড়ালসেতু নির্মাণ এলাকার সড়কের জন্যই বরাদ্দ রয়েছে ১২ কোটি টাকা।