পাঁচ হাজার কোটি টাকার চাল আমদানি হয়েছে: খাদ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক বলেছেন, গত আড়াই বছরে চারটি দেশ থেকে পৌনে পাঁচ হাজার কোটি টাকার চাল আমদানি করা হয়েছে। এর মধ্যে গত অর্থবছরে ১২ লাখ টন খাদ্যশস্য আমদানি করা হয়। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে জয়নাল আবদিনের এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এ কথা বলেন।আবদুর রাজ্জাক জানান, গত আড়াই বছরে ভিয়েতনাম, থাইল্যান্ড, মিয়ানমার ও পাকিস্তান থেকে ১৩ লাখ ১৫ হাজার ২২৩ টন চাল আমদানি করা হয়েছে। এর মূল্য হচ্ছে চার হাজার ৭৭৩ কোটি নয় লাখ ৮৪ হাজার টাকা।শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গত অর্থবছরে ২০ লাখ ৪১ হাজার ৫৯৯ টন খাদ্যশস্য আমদানি করা হয়েছে। এর মধ্যে ১২ লাখ ৬৪ হাজার ৪১৬ টন চাল এবং সাত লাখ ৭৭ হাজার ১৮৩ টন গম।তাজুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিএডিসি কেবলমাত্র বীজ সংরক্ষণের জন্য হিমাগার পরিচালনা করছে। বিএডিসির হিমাগারের সংখ্যা হচ্ছে ১৯টি। এ ছাড়া কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্যমতে, বেসরকারি পর্যায়ে আলু সংরক্ষণের জন্য ৩১৫টি হিমাগার রয়েছে। তবে আলু বীজ সংরক্ষণের চাহিদার কথা বিবেচনায় নিয়ে আগামী অর্থবছরে বিএডিসি আরও ১০টি হিমাগার নির্মাণ করবে।নজরুল ইসলামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গত অর্থবছরে দেশের বন্যাপ্রবণ ও নদীর ভাঙন এলাকায় ৪৭টি বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে।জুনায়েদ আহমেদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের ৪৩টি জেলার ১৫৭টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র করে বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে। অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চলমান বন্যাপরিস্থিতি, সড়ক দুর্ঘটনা ও পাহাড় ধসের কারণে চলতি অর্থবছরে ৩২টি জেলার অনুকূলে এ পর্যন্ত তিন হাজার টন চাল ও ৫৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।সাধনা হালদারের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশে কোনো বড় দুর্যোগ হলে সরকারের পক্ষে একা মোকাবিলা করা সম্ভব নয়। সে লক্ষ্যে জনগণকে সম্পৃক্ত করে দুর্যোগ মোকাবিলার উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের অধীন সিডিএমপি প্রকল্পের মাধ্যমে ৩০ হাজার স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হবে। এরই মধ্যে ছয় হাজার লোককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।