পাঁচ হাজার কোটি টাকার ‘বাংলাদেশ ফান্ড’
পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে ‘বাংলাদেশ ফান্ড’ নামে পাঁচ হাজার কোটি টাকার একটি ‘ওপেন এন্ড’ বা মেয়াদহীন মিউচুয়াল ফান্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের ইতিহাসে এটিই হবে এককভাবে সবচেয়ে বড় মিউচুয়াল ফান্ড।তবে বিশেষজ্ঞরা সতর্কতার সঙ্গে তহবিলটি ব্যবহারের পরামর্শ দিয়েছেন। কেননা, জনগণের আমানতের টাকায় তহবিলটি গঠন করা হচ্ছে।রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), রাষ্ট্রীয় মালিকানাধীন চার ব্যাংক (সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা), জীবন বীমা করপোরেশন, সাধারণ বীমা করপোরেশন এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) যৌথ উদ্যোগে এ তহবিল গঠিত হবে। সরকারের নির্দেশে প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকে গতকাল রোববার ফান্ড গঠনের বিষয়টি চূড়ান্ত অনুমোদন করা হয়। রাজধানীর মতিঝিলে বিডিবিএল ভবনে আইসিবি কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, শেয়ারবাজারের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে বিদ্যমান আইনের আওতার মধ্যে থেকেই তহবিলটি গঠন করা হচ্ছে। নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) অনুমোদন পাওয়ার পরপরই এ ফান্ডটি বিনিয়োগে নিয়ে আসা হবে। মো. ফায়েকুজ্জামান জানান, তহবিলটির ৫০ শতাংশ পুঁজিবাজারে এবং বাকি ৫০ শতাংশ মুদ্রাবাজারে বিনিয়োগ হবে। তবে এ অনুপাত প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা হবে। আর এটি যেহেতু মেয়াদহীন তহবিল, সেহেতু তহবিলটির আকার ভবিষ্যতে আরও বাড়ানোর সুযোগ রয়েছে। ফলে বেসরকারি ব্যাংক ও অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলো চাইলে এ তহবিলে অংশ নিতে পারবে। ফায়েকুজ্জামান আশা প্রকাশ করেন, নতুন এই তহবিল গঠনের ফলে বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সঞ্চার হবে এবং বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে। একই সঙ্গে এ তহবিল থেকে বাজারসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ সুবিধা নিতে পারবে। তাই এই ফান্ড গঠনে তাদেরও এগিয়ে আসা উচিত।জানা গেছে, তহবিলটির মূল উদ্যোক্তা প্রতিষ্ঠান আইসিবি মোট অর্থের ১০ শতাংশ, অর্থাৎ ৫০০ কোটি টাকা জোগান দেবে। আর বাকি অর্থ জোগান দেবে সাতটি প্রতিষ্ঠান মিলে। এ সপ্তাহের মধ্যেই নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সম্মতিক্রমে ফান্ডটি গঠনের জন্য এসইসির অনুমোদন চাওয়া হবে। যোগাযোগ করা হলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ও এসইসির সাবেক চেয়ারম্যান এ বি মির্জ্জা আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বাজারের স্থিতিশীলতা ফেরানোর উদ্যোগ হিসেবে মিউচুয়াল ফান্ড গঠনের সিদ্ধান্তটি সমর্থনযোগ্য। তবে খেয়াল রাখতে হবে, তহবিলটি যাতে সতর্কতার সঙ্গে বিনিয়োগ করা হয়। কারণ এ তহবিলে যে টাকা কাজে লাগানো হচ্ছে, তা শেষ পর্যন্ত জনগণেরই, অর্থাৎ ব্যাংকের আমানতকারী বা বিমা গ্রাহকের টাকা। এদের স্বার্থ যাতে বিঘ্নিত না হয়, তারা যাতে লোকসানে না পড়ে, সেটি নিশ্চিত করতে পারলে ভালো ছাড়া খারাপ হবে না।’বাজারের স্থিতিশীলতা ফেরাতে ফান্ডটি কতটুকু কার্যকর হবে—এ প্রশ্নের জবাবে মির্জ্জা আজিজ বলেন, গত দুই দিনের লেনদেনে কিছুটা স্থিতিশীলতার লক্ষণ দেখা গেছে। এ অবস্থায় ফান্ড গঠনের উদ্যোগ বিনিয়োগকারীদের আস্থা জোরদার করতে সহায়ক ভূমিকা পালন করবে। তবে এটাও লক্ষ রাখতে হবে, বাজার যেন আবার অতিমূল্যায়িত হয়ে না যায়। যোগাযোগ করা হলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, ‘পুঁজিবাজারে অর্থ সঞ্চালনের প্রয়োজনীয়তা অস্বীকার করছি না। কিন্তু প্রাতিষ্ঠানিক সংস্কার না করে কেবল অর্থের জোগান বাড়িয়ে বিনিয়োগকারীদের আস্থা কতটুকু ফেরানো যাবে, সে সংশয় থেকেই যাচ্ছে।’ তিনি বলেন, নজরদারির দুর্বলতা, অযোগ্যতা ও অদক্ষতাকে টিকিয়ে রেখে বাজার চাঙা করা হলে আবার একই ঘটনার পুনরাবৃত্তি যে হবে না, তারই বা নিশ্চয়তা কোথায়। নিয়ন্ত্রণ পরিস্থিতি একই রকম রেখে এসব প্রতিষ্ঠানকে বিনিয়োগ করতে বলে জনগণের অর্থকে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে কি না, সেদিকে খেয়াল রাখতে হবে। একই সঙ্গে খেয়াল রাখতে হবে, করদাতাদের অর্থ যাতে ব্যক্তির মুনাফা অর্জনের কাজে ব্যবহূত না হয়। জানা গেছে, মিউচুয়াল ফান্ডটি আরও শক্তিশালী করার লক্ষ্যে নতুন করে বাজারে আসা সরকারি যেকোনো প্রতিষ্ঠানের শেয়ারের ন্যূনতম ১০ শতাংশ বরাদ্দ রাখার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে বেসরকারি খাতের কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ক্ষেত্রে কমপক্ষে ৫ শতাংশ শেয়ার তহবিলকে অভিহিত মূল্যে বরাদ্দ দেওয়ার প্রস্তাব করা হবে। এ ছাড়া সরকারের পক্ষ থেকে বিভিন্ন নীতিগত সহযোগিতা চাওয়া হবে বলে বৈঠক সূত্রে জানা গেছে। এদিকে মিউচুয়াল ফান্ড গঠনের খবরে গতকাল দেশের দুই স্টক এক্সচেঞ্জে মূল্যসূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মিউচুয়াল ফান্ড গঠনের খবরে বিনিয়োগকারীদের মধ্যে খানিকটা আশার সঞ্চার হয়েছে। এ কারণেই দিনের শুরুতে পতনের লক্ষণ দেখা গেলেও দিনশেষে সূচক বেড়ে যায়। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের লেনদেন শেষে গতকাল সাধারণ সূচক ১০৮ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৫৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৩৪২ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে হয়েছে ১৫ হাজার ৬৬৭ পয়েন্ট।গত ৫ ডিসেম্বর ডিএসইর মূল্যসূচক সর্বোচ্চ আট হাজার ৯১৮ পয়েন্টে পৌঁছায়। এর পর থেকে বাজারে মূল্যসূচক কমতে থাকে। একপর্যায়ে তা ধসে রূপ নেয়। পুঁজি হারিয়ে দিশেহারা বিনিয়োগকারীরা রাস্তায় নেমে বিক্ষোভ, অবরোধ ও ভাঙচুরের মতো ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এ সময় সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রণোদনামূলক পদক্ষেপ নেওয়া হলেও পতন ঠেকানো সম্ভব হচ্ছিল না। শেষ পর্যন্ত সরকার আইসিবিসহ রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠানগুলোকে শেয়ার কেনার নির্দেশ দেয়। কিন্তু এতেও কাজ না হওয়ায় গত সপ্তাহে বড় ধরনের তহবিল গঠন করে বাজারে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় গতকাল মিউচুয়াল ফান্ডটি গঠনের ঘোষণা দেওয়া হলো। উল্লেখ্য, মিউচুয়াল ফান্ড এমন একটি তহবিল, যা প্রধানত শেয়ার, বন্ড বা এ জাতীয় উপকরণে বিনিয়োগের লক্ষ্যে গঠিত হয়ে থাকে। বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ নিয়েই এ ফান্ড গঠন করা হয়। আর অর্থের জোগানদাতারা বিনিয়োগের বিপরীতে অর্জিত মুনাফা থেকে অর্থের অনুপাত অনুযায়ী লভ্যাংশ পেয়ে থাকে। দেশের পুঁজিবাজারে বর্তমানে মেয়াদি (ক্লোজ এন্ড) ও মেয়াদহীন (ওপেন এন্ড) দুই ধরনের মিউচুয়াল ফান্ড রয়েছে। মেয়াদি মিউচুয়াল ফান্ডগুলো স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হলেও মেয়াদহীন ফান্ডগুলো তালিকাভুক্ত নয়। সরকারি ও বেসরকারি খাতে বর্তমানে চারটি মেয়াদহীন মিউচুয়াল ফান্ড রয়েছে। আর তালিকাভুক্ত মেয়াদি মিউচুয়াল ফান্ড রয়েছে ৩৩টি।