পাঁচ হাজার কোটি টাকার ‘বাংলাদেশ ফান্ড’ গঠনের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। সংস্থাটির নিয়মিত সভায় গতকাল সোমবার এ ফান্ডের ট্রাস্ট ও বিনিয়োগ-ব্যবস্থাপনা চুক্তি অনুমোদন করা হয়েছে। এটিই হবে দেশের ইতিহাসে সবচেয়ে বড় মেয়াদহীন (ওপেন এন্ড) মিউচুয়াল ফান্ড।পুঁজিবাজারের স্থিতিশীলতা ফেরাতে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও আর্থিক খাতের আরও সাতটি সরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে গত মাসের প্রথম সপ্তাহে এ ফান্ড গঠনের ঘোষণা দেওয়া হয়। নানা অনিশ্চয়তার কথা বলা হলেও এটি গঠনের সিদ্ধান্তের দেড় মাসেরও কম সময়ে এ ফান্ডের অনুমোদন দিল এসইসি।এসইসির সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান বলেন, এ ফান্ড শেয়ারবাজারের স্থিতিশীলতা ফেরাতে ইতিবাচক ভূমিকা রাখবে। আর এ বিবেচনা থেকে অনেক কম সময়ের মধ্যে এ ফান্ডের অনুমোদন দিয়েছে কমিশন।সাইফুর রহমান জানান, প্রাথমিকভাবে তহবিলটির আকার হবে পাঁচ হাজার কোটি টাকা। এর মধ্যে এক হাজার ৫০০ কোটি টাকা উদ্যোক্তারা জোগান দেবে। বাকি সাড়ে তিন হাজার কোটি টাকা ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে ইউনিট বিক্রির মাধ্যমে সংগ্রহ করা হবে। এ ফান্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ধরা হয়েছে ১০০ টাকা। আর এক হাজারটি ইউনিট নিয়ে গঠিত হবে একটি বাজারগুচ্ছ বা মার্কেট লট। তার মানে প্রতিটি লটের দাম হবে ন্যূনতম এক লাখ টাকা। সাইফুর রহমান জানান, ওপেন এন্ড হওয়ায় ফান্ডটির নির্দিষ্ট কোনো মেয়াদ বা সীমা থাকবে না। এ কারণে ভবিষ্যতে ফান্ডের আকার বাড়ানোর সুযোগ থাকছে। তবে এ ফান্ডটি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হবে না। বাংলাদেশ ফান্ডের মূল উদ্যোক্তা আইসিবি। এ ছাড়া সহ-উদ্যোক্তা হিসেবে রয়েছে চার রাষ্ট্রায়ত্ত ব্যাংক (সোনালী, অগ্রণী, রূপালী ও জনতা), বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল), জীবন বীমা করপোরেশন ও সাধারণ বীমা করপোরেশন। ফান্ডটি ব্যবস্থাপনার দায়িত্বে থাকছে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। আর ট্রাস্টি ও কাস্টোডিয়ান হিসেবে কাজ করবে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। এ জন্য গতকাল এ কোম্পানিটি ট্রাস্টি হিসেবে কাজ করার অনুমোদন দিয়েছে এসইসি। তবে এ জন্য কোম্পানিটিকে সাব-রেজিস্ট্রারের কার্যালয় থেকে নিবন্ধনের প্রত্যয়নপত্র সংগ্রহ করে এসইসিতে জমা দিতে হবে। এদিকে তুলনামূলক দ্রুততম সময়ের মধ্যে ফান্ডটির অনুমোদন দিলেও বিশেষ তহবিল হিসেবে উদ্যোক্তাদের পক্ষ থেকে যেসব বাড়তি সুবিধা চাওয়া হয়েছিল তা অনুমোদন করেনি এসইসি। সংস্থাটি বলছে, এসইসির দিক থেকে ফান্ডটির জন্য বিশেষ কোনো ছাড় দেওয়া হয়নি। ভবিষ্যতে যাতে কোনো বাজে উদাহরণ তৈরি না হয় সে জন্য সচেতনভাবে বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। জানা গেছে, উদ্যোক্তাদের পক্ষ থেকে মোট ফান্ডের ৫০ শতাংশ মুদ্রাবাজারে এবং ৫০ শতাংশ পুঁজিবাজারে বিনিয়োগের ব্যাপারে আবেদন করা হয়েছিল। কিন্তু এসইসি বলেছে, সংশ্লিষ্ট বিধি অনুযায়ী বিনিয়োগ করতে হবে। বিধি অনুযায়ী মিউচুয়াল ফান্ডের ন্যূনতম ৭৫ শতাংশ অর্থ পুঁজিবাজারে বিনিয়োগ করতে হয়। বাকি ২৫ শতাংশ আর্থিক বা অন্য খাতে বিনিয়োগ করা যাবে। এ ছাড়া ফান্ডটির নিবন্ধন ফি ও বার্ষিক ফি বাবদ ৫০ হাজার টাকা করে দেওয়ার প্রস্তাব করেছিল উদ্যোক্তারা। এসইসি এ ক্ষেত্রে বিধি অনুসরণের কথা বলেছে। বিধি অনুযায়ী মোট ফান্ডের দশমিক ২০ শতাংশ নিবন্ধন ফি ও বার্ষিক ফি বাবদ দশমিক ১০ শতাংশ দেওয়ার কথা। সেই হিসেবে বাংলাদেশ ফান্ডকে নিবন্ধন ফি বাবদ ১০ কোটি টাকা এবং বার্ষিক ফি পাঁচ কোটি টাকা দিতে হবে।এর বাইরে সরকারি শেয়ার বাজারে আসার সময় সংশ্লিষ্ট কোম্পানির ১০ শতাংশ শেয়ার অভিহিত মূল্যে ফান্ডটির জন্য বরাদ্দ চাওয়া হয়েছিল। এ ব্যাপারে এসইসি বলেছে, এটি সরকারের বিষয়। এ ব্যাপার তাদের কিছু করার নেই। সরকার চাইলে এটা দিতে পারে। এ ছাড়া বেসরকারি খাতের কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) পাঁচ শতাংশ বাংলাদেশ ফান্ডের জন্য বরাদ্দ রাখার সুপারিশ করা হয়েছিল। এ ক্ষেত্রেও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলেছে এসইসি। বর্তমানে যেকোনো আইপিওর ১০ শতাংশ মিউচুয়াল ফান্ডের জন্য বরাদ্দ রাখা হয়। বাংলাদেশ ফান্ডও এর আওতায় পড়বে। এর বাড়তি কোনো সুবিধা পাবে না।