রাজধানীর পল্টনে গতকাল বৃহস্পতিবার বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় দুটি মামলা হয়েছে। মামলা দুটিতে ১৫ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা পাঁচ হাজার ব্যক্তিকে আসামি করা হয়। পল্টন থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল্লাহ বলেন, সংঘর্ষের সময় অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুর, পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে গতকাল রাত নয়টার দিকে থানার এসআই নাসিরুদ্দিন ও এসআই মোহসীন বাদী হয়ে মামলা দুটি করেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার প্রতিবাদে গতকাল বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি। সমাবেশ শেষে বিকেল সাড়ে পাঁচটার দিকে দলীয় নেতা-কর্মীরা মিছিলের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। বাধা উপেক্ষা করে মিছিল করতে গেলে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের লাঠিপেটা শুরু করে। এরপরই দুই পক্ষে সংঘর্ষ বাধে। নেতা-কর্মীরা ঘুরে দাঁড়িয়ে পুলিশের দিকে ইটের টুকরা ছুড়তে থাকে। মুহূর্তে সংঘর্ষ আশপাশের সড়ক ও গলিতে ছড়িয়ে পড়ে। পৌনে এক ঘণ্টার এ সংঘর্ষের সময় পাঁচ-ছয়টি হাতবোমা বিস্ফোরিত হয়। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা পুলিশের একটি গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে কাঁদানে গ্যাসের কয়েকটি শেল নিক্ষেপ করে। কিছুক্ষণ পর পুলিশের সঙ্গে র্যাবও যুক্ত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে।