পাঁচ হাজার নার্স নিয়োগ দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, খুব শিগগির দেশে আরও পাঁচ হাজার নার্স নিয়োগ দেওয়া হবে। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ চত্বরে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মাহমুদ হাসানের সভাপতিত্বে সভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, শহীদ মিলনের মা সেলিনা আখতার, বাংলাদেশ স্বাধীনতা চিকিত্সক পরিষদের সভাপতি এম ইকবাল আরসলান প্রমুখ বক্তব্য দেন। আ ফ ম রুহুল হক বলেন, ‘ডা. মিলন যে স্বপ্ন দেখেছিলেন, আমরা তা বাস্তবায়নের জন্য কাজ করছি। মিলনের স্বপ্ন ছিল স্বাস্থ্যসেবাকে গ্রাম পর্যায়ে ছড়িয়ে দেওয়া। এর মধ্যে সরকার প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক চালু করেছে।’ তিনি বলেন, সম্প্রতি যে সাড়ে তিন হাজার চিকিত্সক নিয়োগ দেওয়া হয়েছে, তাঁদের চাকরি স্থায়ীকরণের পাশাপাশি খুব শিগগর আরও নতুন চিকিত্সক নিয়োগ দেওয়া হবে।‘স্বাস্থ্য খাতে অনেক দুর্নীতি হয়েছে’—বিএনপির নেতাদের এমন অভিযোগের সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চুরির চশমা চোখে পরলে তো শুধু চুরিই চোখে পড়বে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে স্বাস্থ্যনীতি বাস্তবায়ন ও প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক চালু করেছে। ডা. মিলনের মা সেলিনা আখতার বলেন, ‘বর্তমান সরকারের সময়ে গণতন্ত্র চর্চা হচ্ছে—এটা সত্য। কিন্তু মিলন যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়ে গেছে, এখনো তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি।’ স্বৈরাচারের বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, স্বৈরাচারের বিচার না হলে মিলনের আত্মা শান্তি পাবে না। বাসস।