পাঁচ হাজার ৯২৬ জওয়ানের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়ে তিন বছর আগের বিডিআর বিদ্রোহের বিচার শেষ হলো। গতকাল শনিবার সর্বশেষ মামলায় সদর রাইফেল ব্যাটালিয়ন ইউনিটের ৭২৩ জনকে সাজা দেওয়া হয়েছে। এ নিয়ে সারা দেশে বিদ্রোহের ঘটনায় ৫৭টি মামলায় পাঁচ হাজার ৯২৬ জনের বিভিন্ন মেয়াদে সাজা হলো। এঁদের ৮৭০ জনকে দেওয়া হয়েছে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড।রায়ের বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ নেই। এ রায়ের মধ্য দিয়ে শেষ হলো বিডিআর আইনের কার্যকারিতাও। বিদ্রোহের ক্ষেত্রে এখন থেকে নতুন আইন কার্যকর হবে। এ আইনে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড।তবে বিদ্রোহ মামলার বিচার শেষ হলেও হত্যা মামলার বিচার চলছে ঢাকার জজ আদালতে। মামলাটি এখনো সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে। বিদ্রোহ মামলার আসামিদের ৮৫০ জন ফৌজদারি মামলার আসামি।২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। রক্তাক্ত এ বিদ্রোহের পর সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের নাম বদলে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে বাহিনীর পোশাকও বদল করা হয়। বিদ্রোহের পর বিডিআরের নিজস্ব আইন ও ফৌজদারি আইন—এই দুই আইনে বিচার শুরু হয়। বিজিবির সূত্র জানায়, দেশের বিভিন্ন স্থানে বিডিআর বিদ্রোহের পর বাহিনীর নিজস্ব আইনে ৫৭টি মামলা দায়ের করা হয়। বিডিআরে কর্মরত বাহিনীর সদস্যরা এসব মামলার বাদী হন। বিদ্রোহ মামলার বিচারের জন্য প্রথমে পাঁচটি আদালত গঠন করা হয়। পরে আদালতের সংখ্যা বাড়িয়ে করা হয় ১১টি। এসব আদালতের মধ্যে ছয়টি ছিল ঢাকায় ও বাকি পাঁচটি ঢাকার বাইরে। মোট ১১টি আদালতে ছয় হাজার ৪৬ জন জওয়ানকে বিচারের মুখোমুখি করা হয়। ২০০৯ সালের ২৪ অক্টোবর শুরু হয় প্রথম মামলার বিচার। প্রথম বিচারে রাঙামাটির ১২ রাইফেল ব্যাটালিয়ন রাজনগরে নয়জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। পরে এ মামলার সব আসামিকে ২০১০ সালের ২ মে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। রাঙামাটিতে প্রথম মামলা হলেও প্রথম রায় ঘোষণা করা হয় পঞ্চগড়ের ২৫ রাইফেলস ব্যাটালিয়নে। ২০১০ সালের ৭ এপ্রিল এ রায় ঘোষণা করা হয়। আর সর্বশেষ রায় ঘোষণা করা হলো ঢাকায়। সব মিলিয়ে এসব মামলার রায়ে পাঁচ হাজার ৯২৬ জনের বিভিন্ন মেয়াদে সাজা হলো। দণ্ডিতদের কারাদণ্ডের পাশাপাশি ১০০ টাকা করে জরিমানাও করা হয়েছে। এঁরা সবাই সীমান্তরক্ষী বাহিনীর চাকরিও হারিয়েছেন। মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন ১১৫ জন। খালাসপ্রাপ্ত সবাই চাকরি ফিরে পেয়েছেন।যেসব অপরাধ আমলে আনা হয়: বিদ্রোহের অভিযোগের ক্ষেত্রে সব মামলায় প্রায় একই ধরনের অভিযোগ আনা হয়। অভিযোগের মধ্যে ছিল মহাপরিচালকের আদেশ অমান্য করা, অধীনস্থদের নিয়ন্ত্রণ না করা, বিদ্রোহের তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানানো, অনুমতি ছাড়াই অস্ত্র সংগ্রহ করে নিজ দখলে রাখা, অস্ত্রাগার লুট করা, মহাপরিচালক বাসভবনে অবৈধ নিয়ন্ত্রণ গ্রহণ, পিলখানার ফটকে অবৈধ অবস্থান করা এবং নিজেকে আড়াল করার জন্য ছুটিতে থাকার মিথ্যা তথ্য দেওয়া, বিদ্রোহ সৃষ্টি ও এতে সহায়তা করা ছিল উল্লেখযোগ্য।যেভাবে বিচার হয়: অভিযোগ গঠনের আগে সব আসামিকে অভিযোগগুলো লিখিতভাবে জানানো হয়। নিয়ম অনুসারে জবাব দেওয়ার জন্য সব আসামি ২৭ দিন করে সময় পেয়েছেন। অভিযোগ গঠনের পর তা আসামিকে পড়ে শোনানো হয়। এরপর আসামিকে জিজ্ঞেস করা হয়েছে, তিনি দোষী, না নির্দোষ। রাষ্ট্রপক্ষে একজন করে প্রসিকিউটর অভিযোগের পক্ষে সাক্ষ্য উপস্থাপন করেছেন। সব আসামি তাঁদের নিজেদের পক্ষের আইনজীবী নিয়োগের সুযোগ পেয়েছেন। যাঁরা আইনজীবী দিতে পারেননি তাঁদের সহায়তার জন্য ছিলেন ‘ফ্রেন্ডস অব দি অ্যাকিউজড’ বা বন্ধু আইনজীবী। আসামি তাঁর পক্ষে সাফাই সাক্ষীও উপস্থাপন করেছেন। সব কটি আদালতই ছিল গণমাধ্যমের জন্য উন্মুক্ত। আইনজীবীদের একটি দল বিডিআর বাহিনীকে সহায়তা করে। এ দলের প্রধান মোশাররফ হোসেন গতকাল সংবাদ সম্মেলনে বলেন, ২০০৯ সালের ২৪ নভেম্বর তাঁদের আইনগত সহায়তা কার্যক্রম শুরু হয়। ২০ আইনজীবী ৫৭টি মামলা পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রপক্ষে সহায়তা করেন।আদালতের বিবেচনা: রায় ঘোষণার সময় আদালত কী কী বিষয় বিবেচনায় এনেছিলেন, তা-ও জানান। এসব বিষয়ের মধ্যে ছিল আসামিদের পূর্বের আচরণ, তাঁদের পদবি-নিয়োগ, আসামি নিজে এবং তাঁদের আত্মীয়স্বজনের স্বাধীনতাযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান, চাকরি ক্ষেত্রে তিনি কোনো পদক পেয়েছেন কি না, গ্রেপ্তারের আগে কত দিন কারাগারে ছিলেন, আসামিদের পারিবারিক অবস্থা কেমন, আসামি দোষ স্বীকার করেছেন কি না, সাফাই সাক্ষীদের গুণমান কেমন এবং প্রচলিত আইনের যথাযথ ব্যবহারসহ বিভিন্ন বিষয় রায়ের শাস্তির মাত্রা নির্ধারণের ক্ষেত্রে আদালত বিবেচনা করেন। সর্বশেষ মামলার রায়: গতকাল সর্বশেষ মামলার রায়ে সদর রাইফেল ব্যাটালিয়নের ৭৩৩ আসামির মধ্যে ৭২৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন আদালতপ্রধান বিজিবির ঢাকা সেক্টরের প্রধান কর্নেল এহিয়া আজম খাঁন। সঙ্গে ছিলেন লে. কর্নেল শাহাদত হোসেন ও মেজর মাহফুজুর রহমান। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে ছিলেন গৌতম কুমার রায়।সদর রাইফেল ব্যাটালিয়নের ৭৩৫ জনের বিরুদ্ধে ২০১০ সালের ১১ জুলাই অভিযোগ দায়ের করা হয়। দুই আসামির মৃত্যু হওয়ায় ৭৩৩ জনের বিচার শুরু হয়। ৬৪ জনকে দেওয়া হয় সাত বছরের কারাদণ্ড। সাড়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয় একজনকে। ২৫ জনকে ছয় বছরের, পাঁচজনকে সাড়ে পাঁচ বছরের, ৮২ জনকে পাঁচ বছরের, ৮৮ জনকে সাড়ে চার বছরের, ৩৯ জনকে সাড়ে তিন বছরের, ৬৪ জনকে তিন বছরের, নয়জনকে আড়াই বছরের, একজনকে দুই বছর তিন মাসের, ৫১ জনকে দুই বছরের, আটজনকে দেড় বছরের, একজনকে এক বছর তিন মাসের, ৫৩ জনকে এক বছরের, ১৪ জনকে নয় মাসের, ২৩ জনকে ছয় মাসের এবং ১৯ জনকে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১০ জনকে খালাস দেওয়া হয়।রায় ঘোষণার পর সংবাদ সম্মেলনে প্রসিকিউটর লে. কর্নেল ওবায়দুল হক জানান, ৬৫ কার্যদিবসে এই মামলার কার্যক্রম শেষ হলো। এতে সাক্ষী ছিলেন ১৩৯ জন। দোষ স্বীকার করেন ৩৮ জন।বিজিবিতে শূন্যতা: রায়ের ফলে বাহিনীর ভেতরে যে বিরাট শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণ করার চেষ্টা করছে বিজিবি। সংবাদ সম্মেলনে বিজিবির কর্মকর্তা লে. কর্নেল কাজী অনিরুদ্ধ জানান, ব্যাপক হারে নিয়োগ দিয়ে শূন্যতা পূরণ করার চেষ্টা চলছে। ইতিমধ্যে তিন হাজার জওয়ান নিয়োগ পেয়েছেন। আরও নিয়োগ প্রক্রিয়া চলছে।দরবার হল কী হবে: বিডিআরের বিচার শেষ হওয়ার পাশাপাশি দরবার হল আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে কি না, এ প্রশ্নও উত্থাপিত হয়েছে। আগে সামাজিক অনুষ্ঠানের জন্য বাণিজ্যিকভাবে দরবার হল ব্যবহার করা হতো। কিন্তু বিদ্রোহের পর থেকে তা বন্ধ করে দেওয়া হয়। দরবার হলে আদালত তৈরি করে বিচার হয়। দরবার হল আগের মতো ব্যবহার করা হবে কি না, জানতে চাইলে বিজিবির কর্মকর্তারা বলেন, বিষয়টি খুবই স্পর্শকাতর। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আলোচনা করে সিদ্ধান্ত নেবে।