পাঁচজন সাময়িক বরখাস্ত, বৈমানিকেরা কর্মবিরতিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ এয়ারলাইনস পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) ভারপ্রাপ্ত সভাপতি ক্যাপ্টেন জাকির হোসেন ও সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এম এ বাসেত মাহতাবসহ পাঁচ বৈমানিককে সাময়িক বরখাস্ত করেছে বিমান কর্তৃপক্ষ।এর প্রতিবাদে গত রাত থেকে বৈমানিকেরা কর্মবিরতি শুরু করে। ফলে রাত নয়টায় বিমানের দুবাই ফ্লাইট যেতে পারেনি। সূত্র জানায়, বিমান কর্তৃপক্ষের এই একগুয়েমি সিদ্ধান্তের প্রতিবাদে তারা হজ ফ্লাইট ছাড়া আর কোনো ফ্লাইট চালাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। বাপা সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর সংশ্লিষ্ট পাঁচ বৈমানিক বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষের সাময়িক বরখাস্তের আদেশ হাতে পান।সাময়িক বরখাস্ত হওয়া অপর বৈমানিকেরা হচ্ছেন ক্যাপ্টেন এস এম হেলাল, ক্যাপ্টেন মাকসুদ ও ফার্স্ট অফিসার শাহরিয়ার এম ফরাজি। বিমানের একটি সূত্র জানায়, বৈমানিকদের অবসরের বয়সসীমা বাড়ানোর আদেশ বাতিলের দাবিতে গত বুধবার সংবাদ সম্মেলন করায় এই পাঁচজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।বৈমানিকেরা দাবি আদায়ের জন্য গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে চুক্তির বাইরে (মাসে ৭০ ঘণ্টা) অতিরিক্ত সময় বিমান চালানো বন্ধ রেখেছেন। ফলে কয়েক দিন ধরে বিমানের ফ্লাইটের ফ্লাইটসূচিতে এলোমেলো অবস্থা চলছে। রাতে টেলিফোনে চেষ্টা করেও বিমানের শীর্ষ কর্মকর্তাদের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।