পাঁচজনকে অজ্ঞান করে টাকা ও অলংকার নিয়ে চম্পট
একই পরিবারের পাঁচজনকে অজ্ঞান করে টাকা ও অলংকার নিয়ে পালিয়ে গেছে গৃহকর্মী হিসেবে যোগ দেওয়া নারী প্রতারক। আজ রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডির ৯/এ নম্বর সড়কের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, রহিমা খাতুন নামের এক নারী ধানমন্ডির ৯/এ সড়কের ১৭ নম্বর বাড়ির বাসিন্দা নেহাল হোসেনের (৬০) বাসায় গৃহকর্মী হিসেবে আজই যোগ দেন। দুপুরে তিনি বাসার সবার জন্য খাবার তৈরি করেন। এ খাবার খেয়ে নেহাল, তাঁর বৃদ্ধা মা ফখরুননেসা (৯৪), নাতি আরিফ জামান (৭) ও জামিন (৫) এবং বাসার আরেক গৃহকর্মী মনোয়ারা বেগম (৪০) অচেতন হয়ে পড়েন। সন্ধ্যায় প্রতিবেশীরা ওই ফ্ল্যাটের দরজা খোলা দেখে ভেতরে ঢুকে সবাইকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সেখান থেকে গ্রিন রোডের ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ধানমন্ডি থানার কর্তব্যরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আক্কাস আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গৃহকর্মী পরিচয়দানকারী ওই প্রতারক নারী পালিয়ে গেছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।