সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের ইউপি সদস্য প্রফুল্ল সরকার হত্যার ঘটনায় এক যুক্তরাজ্যপ্রবাসীসহ পাঁচজনকে আসামি করে সিলেট বিমানবন্দর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। তাঁরা হলেন, যুক্তরাজ্যপ্রবাসী হরমুজ আলী (৫৫), তাঁর দুই ছেলে, তাঁদের সহযোগী আবদুল মনাফ ও আবদুস সোবহান। নিহত ইউপি সদস্যের ছেলে সজল সরকার বাদী হয়ে গতকাল শুক্রবার রাতে হত্যা মামলা দায়ের করেন। আজ শনিবার সকালের দিকে হরমুজ আলীকে গ্রেপ্তার করে পুলিশ।বিমানবন্দর পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকালে সিলেট শহরতলির ধোপাগুল এলাকা থেকে লাগেজভর্তি প্রফুল্ল সরকারের তিন টুকরা লাশ উদ্ধার করা হয়। এরপর রাত সাড়ে ১০টার দিকে থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম প্রথম আলো ডটকমকে বলেন, আজ নগরের লন্ডনি রোডে হরমুজ আলীর বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আসামিদের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে জানিয়ে আবদুর রহিম বলেন, আজ হরমুজ আলীকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে। এ বিষয়ে স্বপন সরকার জানান, কিছুদিন আগে তাঁর বাবাকে হত্যা করে বস্তায় ভরে রাস্তায় ফেলে দেওয়ার হুমকি দিয়েছিলেন হরমুজ মিয়া। এর পরিপ্রেক্ষিতে তাঁর বাবা ঘটনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবহিতও করেছিলেন।যোগাযোগ করলে নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ শাহিন প্রথম আলো ডটকমকে বলেন, ‘নিখোঁজ হওয়ার চার-পাঁচদিন আগে হরমুজ আলীর হুমকির বিষয়টি প্রফুল্ল আমাকে জানিয়েছিলেন। আমি বিষয়টির নিষ্পত্তি করার চেষ্টা করছিলাম। কিন্তু তাঁর আগেই একজন জনপ্রিয় জনপ্রতিনিধি নির্মমভাবে খুন হয়ে গেলেন। আমরা খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ প্রফুল্ল সরকার গোয়াইনঘাটের নন্দিরগাঁও ইউপির ৫নং ওয়ার্ডের সদস্য ছিলেন। আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত এই ইউপি সদস্য জলমহালে মত্স্যজীবীদের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন। মামলায় জলমহাল নিয়ে বিরোধসহ সম্প্রতি একটি রাস্তার জায়গা নিয়ে হরমুজ আলীর সঙ্গে বিরোধ থাকার বিষয়টি উল্লেখ করা হয়েছে। এর জের ধরে প্রফুল্ল সরকার খুন হয়েছেন বলে মামলায় অভিযোগ করা হয়।