পাঁচজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল চলাকালে গতকাল বৃহস্পতিবার রাজধানীতে বিশৃঙ্খলা সৃষ্টিসহ গাড়িতে আগুন দেওয়ার অভিযোগে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া হরতাল চলাকালে পুলিশ আরও ১৬ জনকে গ্রেপ্তার করে।ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও সামাজিক সেবা শাখার অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, ভ্রাম্যমাণ আদালত পাঁচজনকে দণ্ড দেওয়ার পর তাদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ সূত্র জানায়, গতকাল বেলা পৌনে তিনটার দিকে মতিঝিল এলাকার পীরজঙ্গি মাজারের কাছে দুই যুবক বোমা ফাটিয়ে পালিয়ে যাচ্ছিল। এ সময় টহল পুলিশ তাদের ধাওয়া করে একটি বোমাসহ সন্ত্রাসী মিজান নামের এক যুবককে আটক করে। অন্যজন পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদণ্ড দেন।গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে পুরান ঢাকার সোয়ারীঘাটে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়। ওই মিছিল থেকে যানবাহন ভাঙচুরের চেষ্টা চালালে পুলিশ জামায়াতের তিন কর্মী সাইফুল্লাহ খালিদ, মো. ইসমাইল ও মো. ইলিয়াসকে আটক করে। ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে সাত দিন করে কারাদণ্ড দেন।গতকাল দুপুরে মোহাম্মদপুরের কাটাশুঁড়ে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়। এ সময় পুলিশ এনায়েত হোসেন নামের এক যুবককে আটক করে। ভ্রাম্যমাণ আদালত তাকে দুই মাসের কারাদণ্ড দেন।