পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন, আজ সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় সৌদি আরব দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মোতাহার হোসেন গতকাল বুধবার এ অভিযোগ গঠন করেন। আজ বৃহস্পতিবার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। এর মধ্য দিয়ে এ মামলার বিচারকাজ শুরু হলো।অভিযোগপত্রভুক্ত পাঁচ আসামির বিরুদ্ধেই আদালত অভিযোগ গঠন করেন। আসামিরা হলেন: সাইফুল ইসলাম, আল আমিন, আকবর আলী, রফিকুল ইসলাম ও সেলিম চৌধুরী। এঁদের মধ্যে সেলিম চৌধুরী পলাতক, বাকি চারজন কারাগারে আটক। আদালত সেলিম চৌধুরীকে পলাতক দেখিয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। অভিযোগ গঠনের পর আসামিদের আদালত থেকে কারাগারে নেওয়ার সময় তাঁরা নিজেদের নির্দোষ দাবি করে বলেন, আল্লাহ এই অন্যায়ের বিচার করবেন।চলতি বছরের ৫ মার্চ দিবাগত রাত একটার দিকে গুলশানে কূটনৈতিক এলাকায় নিজ বাসার সামনে গুলিবিদ্ধ হন খালাফ আল আলী (৪৫)। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ মার্চ ভোরে তাঁর মৃত্যু হয়। ৭ মার্চ গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন এ ঘটনায় হত্যা মামলা করেন।৪ জুন দক্ষিণখান থানার উত্তর গাওয়াইর থেকে সাইফুল ইসলাম, আল আমিন ও আকবর আলীকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের কাছ থেকে জার্মানিতে তৈরি একটি রিভলবার উদ্ধার করা হয়। ১২ জুন রফিকুলকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মানিকদী থেকে ছাই রঙের একটি নিশান সানি গাড়ি উদ্ধার করা হয়। ওই চারজনকে ২৫ জুলাই খালাফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেয় ডিবি পুলিশ। পরে হত্যার কথা স্বীকার করে আল আমিন ও আকবর আলী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।ডিবি পুলিশের কর্মকর্তা ওবায়দুল হক এ মামলায় ওই চারজন ও সেলিম চৌধুরীর বিরুদ্ধে ২০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেন। ২৪ সেপ্টেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত অভিযোগপত্র গ্রহণ করেন। পরে মামলাটির বিচারকাজ নিষ্পত্তির জন্য তা ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।