সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশের নিয়ম-বহির্ভূতভাবে শেয়ার ক্রয়-বিক্রয় করার অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) পরিচালক মো. মাহবুবুর রহমান চৌধুরী পৃথক দুটি মামলা দায়ের করেন।মহানগর হাকিম এ জি এম আল মাসুদ বাদীর জবানবন্দী গ্রহণ করে আসামিদের আগামী ১৭ অক্টোবর হাজির হওয়ার জন্য সমন জারি করেন।পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের শেয়ার নিয়ে কারসাজির দায়ে বিনিয়োগকারী সৈয়দ সিরাজউদ্দৌলা, তাঁর স্ত্রী রাশেদা আক্তার মায়া এবং মোহাম্মদ হাবিবুর রহমানকে আসামি করে একটি মামলা করা হয়। এ ছাড়া ইস্টার্ন হাউজিং লিমিটেডের শেয়ারের ধারাবাহিক লেনদেন বা সিরিয়াল ট্রেডিংয়ের অভিযোগে বিনিয়োগকারী আবু সাদাত মো. সায়েম এবং তাঁর ছোট ভাই আবদুল মোবিন মোল্লাহর বিরুদ্ধে অন্য মামলাটি করা হয়। পিপলস লিজিং: মামলার অভিযোগে বলা হয়, অভিযুক্ত ব্যক্তিরা ২০১০ সালের ৩০ জুন থেকে ৪ নভেম্বরের মধ্যে সংঘবদ্ধ ও কৃত্রিম লেনদেনের মাধ্যমে পিপলস লিজিংয়ের শেয়ারের মূল্যবৃদ্ধি ঘটিয়েছেন। ওই সময়ের মধ্যে বিভিন্ন কার্যদিবসে সৈয়দ সিরাজউদ্দৌলা কোম্পানিটির দুই লাখ ২২ হাজার ৭০০ শেয়ার বিভিন্ন মূল্যে ক্রয় করেন। এ সময় শেয়ারটির দর ধারাবাহিকভাবে বেড়েছে। পরবর্তী সময় শেয়ারটির অভিহিত মূল্য ১০০ টাকা থেকে ১০ টাকায় রূপান্তরের পর তিনি দুই লাখ ৭৪ হাজার ৩০০ শেয়ার বিক্রি করেন। আবার ৪ আগস্ট থেকে ৩ অক্টোবর পর্যন্ত একই কোম্পানির আট লাখ ৫৯ হাজার ৩০০ শেয়ার ক্রয় করেন। এ সময় বিক্রি করেন নয় লাখ ১৭ হাজার ২০০ শেয়ার। অভিযোগনামায় আরও বলা হয়, সিরাজউদ্দৌলার স্ত্রী রাশেদা আক্তার ১০ আগস্ট থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে পিপলস লিজিংয়ের তিন লাখ ৬৭ হাজার ৬০০ শেয়ার ক্রয় ও তিন লাখ ৩১ হাজার ৯০০ শেয়ার বিক্রি করেন। অন্য অভিযুক্ত হাবিবুর রহমান একই সময়ে কোম্পানিটির ৭৫ হাজার শেয়ার ক্রয়-বিক্রয় করেন। ইস্টার্ন হাউজিং লিমিটেড: ২৭ জুলাই থেকে ১৯ আগস্ট পর্যন্ত আবু সাদাত মো. সায়েম এবং তাঁর ভাই নিজ নিজ এবং যুগ্ম হিসাবে (আটটি ভিন্ন বিও হিসাবে) প্রতিদিন একাধিক লেনদেনের মাধ্যমে বাজারে ইস্টার্ন হাউজিংয়ের লেনদেনের প্রায় ২৫ শতাংশ সম্পন্ন করেন। এটি শেয়ারের উল্লেখযোগ্য মূল্যবৃদ্ধিতে সহায়তা করেছে। এ সময় কোম্পানিটির শেয়ারমূল্য ৭৫০ টাকা থেকে বেড়ে প্রায় ১৩৪১-১৩৪৫ টাকায় উন্নীত হয়। এসব হিসাবের মাধ্যমে গড় মূল্যের মোট পাঁচ লাখ ৮৬ হাজার ৯২০টি শেয়ার ৪৮ কোটি ১৮ লাখ টাকায় ক্রয় করা হয় এবং দুই লাখ ৫৫ হাজার ২৪০টি শেয়ার ২৫ কোটি ৮১ লাখ টাকায় বিক্রি করা হয়। এতে ১৬ দিনের সময়কালে প্রায় চার কোটি ১৪ লাখ টাকা মুনাফা হয়। গত ৩১ মার্চ পুঁজিবাজার তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করে উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে এসইসিকে মামলা করতে বলেন। এরই ধারাবাহিকতায় এ মামলা করা হয়েছে।