পাঁচজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলীকে হত্যার দায়ে পাঁচজনকে মৃত্যু-দণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মো. মোতাহার হোসেন এ রায় ঘোষণা করেন।মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন: সাইফুল ইসলাম ওরফে মামুন, মো. আল-আমিন, আকবর আলী লালু ওরফে রনি, রফিকুল ইসলাম ও সেলিম চৌধুরী ওরফে সেলিম আহম্মেদ। তাঁদের মধ্যে সেলিম চৌধুরী শুরু থেকেই পলাতক।গত ৫ মার্চ মধ্যরাতের পর ঢাকার গুলশানের ১২০ নম্বর সড়কে নিজের বাসার অদূরে গুলিবিদ্ধ হন খালাফ আল আলী (৪৫)। ৬ মার্চ ভোরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মামলার অভিযোগপত্র অনুযায়ী, আসামিদের কয়েকজনের সঙ্গে ডলারের জন্য খালাফের ধস্তাধস্তির একপর্যায়ে সাইফুল ইসলাম তাঁকে রিভলবার দিয়ে গুলি করেন।গতকাল রায় ঘোষণার আগে কারাগারে আটক চার আসামিকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার সময় সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন নাসের আল বুসাইরি ও নিহত খালাফ আল আলীর ভাই খালেদ আল আলী আদালতে উপস্থিত ছিলেন। তাঁরা রায়ে সন্তোষ প্রকাশ করেন। রায় ঘোষণার পর আসামি আল-আমিন অনুতাপ প্রকাশ করলেও কাঠগড়ায় দাঁড়ানো অন্য আসামিদের মধ্যে কোনো প্রতিক্রিয়া ছিল না। তবে তাঁদের আত্মীয়স্বজন উচ্চ স্বরে কান্নাকাটি করেন। পরিবারের সদস্যরা সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, সরকারি চাপের কারণে আদালত আসামিদের ফাঁসির আদেশ দিয়েছেন। আসামিপক্ষের আইনজীবী হাবিব উল্লাহ বলেন, আসামিরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। এই মামলার রাষ্ট্রপক্ষ ৩৩ জন সাক্ষীকে উপস্থাপন করেছে। সাক্ষীদের কেউ একে অপরকে সমর্থন করেননি। কিন্তু রায়ে আসামিপক্ষের জেরার কোনো প্রতিফলন হয়নি। তাই রায়ের অনুলিপি পাওয়ার পর তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপক্ষ এই মামলায় ৩৩ জন সাক্ষী উপস্থাপন করেছেন। তা ছাড়া আসামিরা হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রায় দিয়েছেন।রায়ে বলা হয়, ‘রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে ৩৩ জন সাক্ষী উপস্থাপন করেছে। রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণে সক্ষম হওয়ায় তাঁদের মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হলো।’ গত ২৪ সেপ্টেম্বর ডিবি পুলিশ আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। অভিযোগ গঠন করা হয় ৩১ অক্টোবর। রায় দেওয়া হলো দুই মাসে ১৫ কার্যদিবসে। গত ৬ ডিসেম্বর অভিযোগপত্রভুক্ত ৩৩ জনের সাক্ষ্য-জেরা শেষ হয়।মামলার অভিযোগপত্রে বলা হয়, আসামিরা নেশার টাকা জোগাড় করতে গিয়ে বিদেশি মানুষ দেখে ডলার পাওয়ার আশায় দূতাবাস কর্মকর্তা খালাফকে ঘিরে ধরেন। এ সময় তাঁদের সঙ্গে খালাফের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে আসামি সাইফুল ইসলাম তাঁর হাতে থাকা পয়েন্ট ২২ বোরের রিভলবার দিয়ে খালাফকে গুলি করেন। ৭ মার্চ গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন এ ঘটনায় মামলা করেছিলেন। গত ৪ জুন রাজধানীর দক্ষিণখান থানার উত্তর গাওয়াইর এলাকা থেকে সাইফুল ইসলাম, আল-আমিন ও আকবর আলীকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের কাছ থেকে জার্মানির তৈরি একটি আরমিনিয়স রিভলবার উদ্ধার করা হয় বলে জানিয়েছিল পুলিশ। ১২ জুন রফিকুলকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মানিকদী এলাকা থেকে ছাই রঙের একটি নিশান সানি গাড়ি উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, এই গাড়িটি হত্যাকাণ্ডের সময় ব্যবহূত হয়েছিল। গত ২৫ জুলাই এই চারজনকে খালাফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেয় পুলিশ। পরে হত্যার কথা স্বীকার করে আল-আমিন ও আকবর আলী জবানবন্দি দেন।