পাঁচজনের লাশ শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ২৯টি লাশের মধ্যে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত পাঁচজনকে শনাক্ত করেছেন তাঁদের স্বজনেরা। পাঁচটি লাশের মধ্যে চারজনই নারী। ঢাকা জেলা প্রশাসন এসব হস্তান্তর করেছে। বাকি ২৪টি লাশ আগামী কাল সকাল ১০টা পর্যন্ত মর্গে রাখা হবে। এরপর এসব লাশ আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে জুরাইন কবরস্থানে দাফন করা হবে। তবে লাশের ডিএনএ সংরক্ষণ করা হবে।পাঁচটি লাশের মধ্যে নাজনীন আক্তারের পোশাক দেখে শনাক্ত করেছেন তাঁর বাবা মো. ফিরোজ। নাজনীনের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কালপুরে। অন্য চারজনের মধ্যে মোসাম্মাত্ জুলেখার (৩৫) লাশ শনাক্ত করেছেন স্বামী আব্দুর রশিদ। জুলেখার গ্রামের বাড়ি কুষ্টিয়ার আওড়াপাড়ায়। দিনাজপুরের পার্বতীপুরের সাবিনা ইয়াসমিনের (২০) লাশ শনাক্ত করেন তাঁর স্বামী সোহরাব আলী। কিশোরগঞ্জের ভৈরবের তানজিল আক্তারের (১৮) লাশ শনাক্ত করেন তাঁর মা মাহফুজা বেগম। রংপুরের বদরগঞ্জের মো. জসিমউদ্দিনের লাশ শনাক্ত করেন তাঁর ভাই নাজিমুল। শাহবাগ থানার মাধ্যমে পাঁচটি লাশ তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করছেন ঢাকা জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আবুল ফজল মীর। প্রতিটি লাশের জন্য তাঁদের স্বজনদের কাছে ২০ হাজার টাকা সাহায্য দেওয়া হয় বলে জানান আবুল ফজল মীর। প্রথম আলো ডটকমকে তিনি বলেন, মর্গে রাখা লাশগুলো তাদের মা, বাবা, ভাইয়েরা মুখ, পোশাক দেখে শনাক্ত করছেন। এর পর আমরা তাদের এলাকায় থানায় খোঁজ নিয়ে লাশ হস্তান্তর করছি।