পাঁচজনের ১০ বছর করে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ক্রমিক বোমা হামলার ঘটনায় করা মামলায় পাঁচজন আসামির প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একরামুল হক চৌধুরী এ আদেশ দেন। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন: জাকির হোসেন, লিয়াকত আলী, আমানুল্লাহ আমান, কোরবান আলী ও জিল্লুর রহমান। জিল্লুর রহমান ছাড়া অন্য চারজন পলাতক। মামলার রায়ে ১১ জন আসামি খালাস পেয়েছেন। এর মধ্যে ১০ জন আদালতে উপস্থিত ছিলেন। ওই ঘটনায় আরেক মামলায় যাবজ্জীবন সাজার আদেশ থাকায় তাঁদের খালাস দেওয়া হয়।আদালত সূত্রে জানা গেছে, জেএমবির সদস্যরা ইসলামি আইন বাস্তবায়নের আহ্বান জানিয়ে প্রচারপত্র ছড়িয়ে ২০০৫ সালের ১৭ আগস্ট বেলা ১১টা থেকে সোয়া ১১টা পর্যন্ত রাজশাহী নগরের ২৫টি এলাকায় ক্রমিক বোমার বিস্ফোরণ ঘটান। ওই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রতিটি বিস্ফোরণস্থলে জেএমবির বাংলা ও আরবি ভাষায় লেখা প্রচারপত্র পাওয়া যায়।এ ঘটনায় ওই দিনই বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান বাদী হয়ে অজ্ঞাত দুর্বৃত্তদের আসামি করে বিস্ফোরক আইনে একটি মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা আহছানুল কবীর তদন্ত শেষে জেএমবির শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই, আবদুল আওয়ালসহ ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন। জেএমবির শীর্ষ এই তিন নেতার আগেই ফাঁসি কার্যকর হয়ে যাওয়ায় ১৬ আসামির বিরুদ্ধে বিচারকাজ চলে। সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ পাঁচজনের সাজার আদেশ দেন।