পাঁচটি কনটেইনারে মিলল রপ্তানি নিষিদ্ধ ১০০ টন চাল
চট্টগ্রামের একটি বেসরকারি কনটেইনার ডিপোতে পাঁচটি কনটেইনার খুলে পাওয়া গেছে রপ্তানি-নিষিদ্ধ ১০০ টন চাল। গতকাল বৃহস্পতিবার কাস্টম হাউসের রপ্তানি গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা অভিযান চালিয়ে এ চাল জব্দ করেন। এ চাল চট্টগ্রাম বন্দর দিয়ে ইতালিতে রপ্তানির চেষ্টা হচ্ছিল।রপ্তানি গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা জানান, জব্দ করা ১০০ টন চালের রপ্তানিমূল্য এক কোটি টাকার বেশি। তবে স্থানীয় বাজারে এর মূল্য ৭০ থেকে ৭৫ লাখ টাকা। ডিপো কর্তৃপক্ষ দাবি করেছে, স্ক্র্যাপ (লোহার টুকরা) বলে ভুয়া কাগজপত্র দেখিয়ে কনটেইনারগুলো আনা হয়।দেশে চালের বাজার স্থিতিশীল রাখার স্বার্থে সব ধরনের চাল রপ্তানির ওপর সরকারি নিষেধাজ্ঞা গত ১ জানুয়ারি আরও ছয় মাসের জন্য বর্ধিত করা হয়।রপ্তানি গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা জানান, গোল্ডেন কনটেইনার্স লিমিটেড নামের বেসরকারি কনটেইনার ডিপোতে গতকাল ভোররাত থেকে অভিযান চালানো হয়। প্রথমে জব্দ করা হয় দুটি কনটেইনারে থাকা ৪০ টন চাল। এ সময় ঢাকার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা তাঁদের সঙ্গে ছিলেন। পরে বিকেল চারটা থেকে ছয়টা পর্যন্ত অপর তিনটি কনটেইনার খুলে আরও ৬০ টন চাল পাওয়া যায়। এই চালের মধ্যে ২০ টন মিনিকেট এবং ৮০ টন চিনিগুঁড়া চাল। মিনিকেট ২০ কেজির বস্তায় এবং চিনিগুঁড়া চাল এক কেজির মোড়কে ভরা ছিল। রপ্তানির জন্য এগুলো কনটেইনারে ভরে ডিপোতে আনা হয়।এর আগে অন্তত তিনবার কৌশলে রপ্তানির সময় চালের চালান জব্দ করা হয়। এবারের চালানটি সবচেয়ে বড়।কাস্টম হাউসের কর্মকর্তারা বলেন, এসব বেসরকারি ডিপোতে নথিপত্র দেখিয়ে পণ্য ঢোকাতে হয়। পণ্য খালাসের সময়ও প্রয়োজনীয় নথিপত্র দাখিল করতে হয়। কিন্তু জব্দ করা এই পাঁচ কনটেইনার চালের কোনো নথিপত্র পাওয়া যায়নি। এ কারণে এই চালের রপ্তানিকারক কে তা জানা সম্ভব হয়নি।অভিযানে অংশ নেওয়া কাস্টম হাউসের রপ্তানি গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা জানান, আমদানিকারক হিসেবে বস্তায় ইতালির প্রতিষ্ঠান ‘সিসিলি এলিমেন্টারি এসএএস’-এর নাম ও ফোন নম্বর উল্লেখ করা হয়েছে। চালের ব্যাগে রপ্তানিকারকের সুনির্দিষ্ট ঠিকানা দেওয়া হয়নি। তবে মোড়কের গায়ে ব্র্যান্ডের নাম হিসেবে ‘এ আর ওয়ার্ল্ড’ লেখা আছে।এ ব্যাপারে গোল্ডেন কনটেইনার্স লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক নুরুল আকতার প্রথম আলোকে বলেন, ‘রপ্তানিকারকের লোকজন স্ক্র্যাপের ভুয়া কাগজপত্র দেখিয়ে কাভার্ড ভ্যানে করে রপ্তানি-নিষিদ্ধ চালের কনটেইনারগুলো ডিপোতে এনে রাখে। এসব পণ্য ঢাকা থেকে আনা হয়। কিন্তু জব্দ করার সময় রপ্তানিকারকের লোকজন আমাদের লোকদের কাছ থেকে ভুয়া কাগজপত্রগুলো কেড়ে নিয়ে পালিয়ে যায়।’চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার (রপ্তানি) জামাল হোসেন বলেন, চাল রপ্তানি নিষিদ্ধ। নিষিদ্ধ পণ্য জব্দ করলে বাজেয়াপ্ত করা হয়। কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা ছাড়া ডিপোতে কোনো পণ্য আনা-নেওয়ার সুযোগ নেই। কাগজপত্র ছাড়াই পণ্য রাখার সুযোগ দেওয়ার জন্য এই ডিপোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করা হবে।