পাঁচটি চোরাই গাড়িসহ দুজন গ্রেপ্তার
রাজধানী থেকে চুরি যাওয়া পাঁচটি গাড়িসহ চোরচক্রের দুই সদস্যকে গতকাল রোববার সিলেটের শ্রীমঙ্গল থেকে গ্রেপ্তার করা হয়েছে।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গাড়ি চুরি প্রতিরোধ দল তাঁদের গ্রেপ্তার করে। গুলশান থানায় একটি গাড়িচুরির মামলার সূত্র ধরে গোয়েন্দা পুলিশ এই পাঁচটি গাড়ি উদ্ধার করে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রুপক দেব রায় (৪৪) ও মো. রাজিব (২৩)।গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সিলেটের শ্রীমঙ্গল থেকে রুপক ও রাজিবকে গ্রেপ্তার করা হয়।পরে তাঁদের দেওয়া তথ্যমতে এই পাঁচটি চোরাই গাড়ি শ্রীমঙ্গলের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানের নেতৃত্ব দেন ডিবির গাড়িচুরি প্রতিরোধ দলের প্রধান ও জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোখলেসুর রহমান।মোখলেসুর রহমান প্রথম আলোকে জানান, গত ৪ মার্চ গুলশান থেকে একটি গাড়ি চুরি হওয়ার পর সেই মামলার তদন্তে রুপক ও রাজিবের সংশ্লিষ্টতা পাওয়া যায়। রুপক ও রাজিব মূলত চোরাই গাড়ির বিপণনের সঙ্গে জড়িত। গাড়ি চুরির পর তাঁরা তাঁদের চক্রের মাধ্যমে চোরাই গাড়ির রং ও অন্যান্য দর্শনীয় উপকরণ পরিবর্তন করে বিক্রি করে থাকেন।রুপক ও রাজিবকে গ্রেপ্তারের পর তাঁদের কাছ থেকে একটি এলিয়ন, একটি করোলা এক্সই, একটি নোয়া ও দুটি হাইয়েস মাইক্রোবাস উদ্ধার করা হয়।