পাঁচটি নারী আসনের ভোট ২৬ ডিসেম্বর
জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত অতিরিক্ত পাঁচটি নারী আসনের নির্বাচন আগামী ২৬ ডিসেম্বর সোমবার অনুষ্ঠিত হবে। আজ বুধবার নির্বাচন কমিশন এ নির্বাচনের তফসিল ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে।তফসিল অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর বুধবার, মনোনয়নপত্র বাছাই হবে ১ ডিসেম্বর বৃহস্পতিবার এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৭ ডিসেম্বর বুধবার। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদকে। গত ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে নারীদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা ৪৫ থেকে ৫০-এ উন্নীত হওয়ায় নতুন করে পাঁচজন সাংসদ নির্বাচনের জন্য নির্বাচন করতে হচ্ছে। জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন ২০০৪ অনুযায়ী নতুন পাঁচটি আসনের সব কটিই পাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরই মধ্যে নির্বাচন কমিশন আইন অনুযায়ী নতুন করে দল ও জোটের অনুকূলে আসন বণ্টন করেছে।আইনের বিধান অনুযায়ী সংসদ নির্বাচনে পাওয়া মোট আসনের ওপর আনুপাতিক হারে দলগুলোর অনুকূলে ৫০টি নারী আসন বণ্টন হবে। অর্থাত্ মোট সংরক্ষিত নারী আসনকে (৫০টি) মোট আসন (৩০০) দিয়ে ভাগ করার পর ভাগফলকে একটি দলের পাওয়া মোট আসন দিয়ে গুণ করলে যে সংখ্যা দাঁড়ায়, তাই হবে সংসদে একটি দলের নারী আসন। তবে কোনো আসন অমীমাংসিত থাকলে (কোনো দল না পেলে) সেই আসনটি পাবে সর্বাধিক আসন পাওয়া দল। এরপর দলীয় সদস্যদের ভোটের মাধ্যমে দলের অনুকূলে বরাদ্দ হওয়া নির্দিষ্ট সংখ্যক নারী সাংসদ নির্বাচিত হবেন। তবে এ ক্ষেত্রে প্রার্থী সংখ্যা বরাদ্দ হওয়া মোট আসনের বেশি হলে কেবল তখনই ভোট গ্রহণের প্রয়োজন হবে। প্রার্থীর সংখ্যা আসনের সমান হলে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। এ সমীকরণ অনুযায়ী গত সংসদ নির্বাচনের পর ৪৫ আসনের মধ্যে আওয়ামী লীগ, জাসদ ও ওয়ার্কার্স পার্টির জোট ২৩৯টি আসনের বিপরীতে ৩৬টি, বিএনপি ও বিজেপি জোট ৩২টি আসনের বিপরীতে পাঁচটি এবং জাতীয় পার্টি ২৫টি আসনের বিপরীতে চারটি আসন পায়। জামায়াত এ নির্বাচনে বিএনপির সঙ্গে জোট না করে আলাদা নির্বাচন করায় তারা কোনো আসন পায়নি। বর্তমানে নারী আসনের সংখ্যা ৫০-এ উন্নীত হওয়ায় নির্বাচন কমিশন নতুন করে দলগুলোর অনুকূলে আসন বণ্টন করেছে। তাতে আওয়ামী লীগ, জাসদ ও ওয়ার্কার্স পার্টি জোটের সংরক্ষিত আসন সংখ্যা ৩৬ থেকে বেড়ে ৪১-এ উন্নীত হয়েছে। অন্যদলগুলোর আসন সংখ্যা অপরিবর্তিত রয়েছে। হিসাব অনুযায়ী আওয়ামী লীগ জোটের ৪০টি আসন পাওয়ার কথা। একটি আসন অমীমাংসিত থাকায় সেই আসনটিও তারা পেয়েছে। হিসাবে দেখা গেছে, জামায়াত আলাদা না থেকে বিএনপি জোটের সঙ্গে নির্বাচন করলে কোনো আসন অমীমাংসিত থাকত না। অর্থাৎ শেষের আসনটি তারা পেত।