পাঁচটি পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮
সুনামগঞ্জ, মানিকগঞ্জ, ঝিনাইদহ ও চট্টগ্রামে পৃথক পাঁচটি সড়ক দুর্ঘটনায় এক বিএনপি নেতাসহ আটজন নিহত হয়েছে। আজ বুধবার ও গতকাল মঙ্গলবার এই পৃথক পাঁচটি সড়ক দুর্ঘটনা ঘটে।সুনামগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, আজ বিকেল পাঁচটার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের জাউয়াবাজার ইউনিয়নের ধারনবাজার এলাকায় একটি যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মামা-ভাগ্নিসহ তিনজন নিহত ও তিনজন আহত হয়। নিহত ব্যক্তিরা হলেন দিলোয়ার হোসেন, তাঁর ভাগ্নি রুহেনা বেগম (১৯) ও অজ্ঞাত (৩৫)। তাঁরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।নিহত দিলোয়ারের স্ত্রী ও দুই সন্তানকে গুরুতর আহতাবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাস ও অটোরিকশাটিকে আটক করা হয়েছে। মানিকগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, আজ খুলনা থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের একটি বাস ভোর পাঁচটার দিকে ধামরাইয়ের সুতিপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে অজ্ঞাত এক পুরুষ যাত্রী নিহত ও ৪০ জন আহত হয়।অন্যদিকে, আজ সকাল ছয়টার দিকে একই মহাসড়কে মানিকগঞ্জ সদর উপজেলার মুলজান এলাকায় ঢাকাগামী এসএ পরিবহনের একটি বাসকে অতিক্রম করার সময় ঈগল পরিবহনের একটি বাস এসএ পরিবহনের বাসের সঙ্গে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে অজ্ঞাত এক মহিলা নিহত ও প্রায় ৪০ জন আহত হয়। আহতদের মধ্যে ২৬ জনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। ঝিনাইদহ থেকে নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, আজ বেলা ১১টার দিকে ঝিনাইদহের মহেশপুর-যাদবপুর সড়কের চড়কতলা নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় নাটিমা ইউনিয়ন বিএনপির সহসভাপতি মতিয়ার রহমান (৪০) নিহত হয়েছেন। বিএনপি নেতা মতিয়ার বাড়ি থেকে মোটরসাইকেল যোগে মহেশপুর শহরে আসার পথে চড়কতলায় রাস্তার ধারে বেঁধে রাখা একটি গরুর রশিতে আটকা পড়লে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এ সময় মতিয়ার গুরুতর আহত হন। পরে তাঁকে যশোর হাসপাতালে নেওয়ার পথে চৌগাছা বাজারের কাছে তিনি মারা যান। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।চট্টগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে রাজশাহীর মতিহার থেকে কক্সবাজারগামী বনভোজনের একটি বাস কর্ণফুলী তৃতীয় সেতু পার হওয়ার পর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের দুই সহকারী নিহত হন। আহত হন অন্তত ১০ জন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।