পাঁচতারকায় আমের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেতরে ঢুকতেই বিশাল এক আম স্বাগত জানাবে। লাল আর হলুদ রঙের এই পাকা আমটি অবশ্য কৃত্রিম। কৃত্রিম আমের অভ্যর্থনায় ভড়কে যাওয়ার কিছু নেই। কেননা খাঁটি আমের স্বাদ নেওয়ার ব্যবস্থা রয়েছে এখানে। বলা হচ্ছে গুলশান ২ নম্বরের ওয়েস্টিন হোটেলের কথা। এখানে চলছে আমের উৎসব। হোটেলটির সব রেস্তোরাঁয় রাজত্ব করছে আম ও আমের তৈরি নানা পদ। তাই অনেক আমপ্রেমী এখন ভিড় করছেন ওয়েস্টিনে।এখন আমের ভরা মৌসুম। চারদিকে আমের ছড়াছড়ি। কিন্তু এসবের কোনটা ভেজাল আর কোনটা খাঁটি, তা বোঝা মুশকিল। কিন্তু ওয়েস্টিনের সরবরাহকৃত সব আম একদম খাঁটি বলে জানান খাদ্য ও পানীয় বিভাগের পরিচালক টনি খান। তিনি বলেন, এ দেশে প্রচুর আম উৎপাদন হয়। দেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে, ঘুরতে আসেন অনেক বিদেশি। তাঁরা পথেঘাটে আম বিক্রি করতে দেখে কিছুটা অবাকই হন। বিদেশে ফল থেকে বিভিন্ন খাবার তৈরি করা হয়। কিন্তু বাংলাদেশে এসে তাঁরা শুধু আমই খেতে পাচ্ছেন। এ জন্যই ওয়েস্টিন একটু আলাদা কিছু করার চিন্তা করে। সে চিন্তা থেকেই এ আয়োজন। ফলের রাজা আমের মেলায় বাহারি সব খাবার পাওয়া যাচ্ছে, যার সবই তৈরি করা হয়েছে আম দিয়ে। আমের জুস থেকে শুরু করে আমের পোলাও পর্যন্ত খেতে পাচ্ছেন আমপ্রেমীরা।‘বাংলাদেশে বিদেশিরা আসছেন সব সময়। আমের তৈরি এসব খাবার খেয়ে তাঁরাও সন্তুষ্ট। বিদেশিরা আবার তাঁদের দেশে ফিরে কিংবা অন্য দেশে গিয়ে আমাদের আমের কথা বলবেন। তাঁরা যেন আমাদের দেশের আম সম্পর্কে ভালো ধারণা পান এবং আম দিয়ে যে এত কিছু তৈরি করা যায়, তা জানতে পারেন। এ জন্যই আমরা নতুন নতুন রেসিপি তৈরি করছি।’ বলছিলেন ওয়েস্টিনের শেফ সোলায়মান পাটোয়ারী।আম দিয়ে তৈরি খাবারের তালিকায় রয়েছে ম্যাংগো ফ্রায়েড রাইস, প্রাণ ম্যাংগো সালাদ, স্টাফ ম্যাংগো ফিশ উইথ ক্রিম ম্যাংগো সস, ম্যাংগো সুশি অ্যান্ড মাকিরো, ম্যাংগো টেম্পোরা, পাপায়া ম্যাংগো সালাদসহ প্রায় ৫০ ধরনের রেসিপি। গরম থেকে বাঁচতে রয়েছে ম্যাংগো আইসক্রিম। আবার জন্মদিনের কথা ভাবছেন? তাতেও সমস্যা নেই। রয়েছে ম্যাংগো চিজ কেক। যে কেউ জন্মদিনের কেক কিনে চমকে দিতে পারেন প্রিয়জনকে। ‘বেশ কয়েক ধরনের আম দিয়ে তৈরি করা হয় আমাদের এখানকার খাবার। ফলে শুধু একটি নয়, কয়েক ধরনের আমের স্বাদ পাচ্ছেন আমপ্রেমীরা। যাঁরা ভিড়ছেন তাঁদের বেশির ভাগ বিদেশি। প্রশংসাও করছেন বেশ। তবে দেশের অনেকেই আসছেন আমের এত এত স্বাদ নিতে।’ বললেন বিপণন বিভাগের প্রধান মোস্তফা নূর-ই-শেফা।আম আর আম দিয়ে তৈরি খাবারের পরিবেশনটাও চমৎকার। ওয়েস্টিনের লবিতে গিয়ে দেখা গেছে, আমের খাবারের পরিবেশন। সাজানো-গোছানো পরিবেশন দেখেই জিভে জল এসে যায়। চেখে দেখতে ইচ্ছে করে সব খাবার। বুফে পদ্ধতিতে খাওয়ার সুযোগ থাকায় অবশ্য এ ইচ্ছেটা পূরণ হয়েই যাবে। তবে এ জন্য খরচ হবে বেশ কিছু অর্থ। দুপুর ও রাতের খাবারের সময় বুফেতে খেতে যথাক্রমে দুই হাজার ৫০০ ও তিন হাজার ২০০ টাকা নিতে হবে সঙ্গে। আবার এত টাকা দেখে যাঁরা দমে গেছেন, তাঁদের জন্যও খাবারের ব্যবস্থা রয়েছে। পছন্দসই যা খাবেন, শুধু সেই খাবারের দামটা দিলেই হবে। আমের তৈরি বাহারি খাবারের স্বাদ চেখে দেখতে হলে আপনাকে দৌড়াতে হবে তাড়াতাড়ি। কেননা ৫ জুলাই শেষ হচ্ছে আমের এই রাজত্ব। আয়োজনটা থাকে দুপুর ১২টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত।