পাঁচবিবিতে একজন নিহত, ছয় জেলায় আহত ২০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) কাশপুর আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে গত রোববার রাতে ভোট গণনার সময় সন্ত্রাসীদের হামলায় মাসুম হোসেন (৩১) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া চাঁদপুরের হাজীগঞ্জ, লক্ষ্মীপুরের রায়পুর, কুমিল্লার লাকসাম, যশোরের কেশবপুর ও গোপালগঞ্জে নির্বাচনোত্তর সহিংসতা হয়েছে। এতে নির্বাচন কর্মকর্তা, ইউএনও ও পুলিশ সদস্যসহ দুই শতাধিক লোক আহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে প্রায় ৪০ জনকে। সহিংসতা ছাড়াও বিভিন্ন স্থানে ব্যালট বাক্স ছিনতাই ও ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:পাঁচবিবি (জয়পুরহাট): কাশপুর আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে ভোট গণনাকালে একদল সন্ত্রাসী সেখানে অতর্কিতে হামলা চালিয়ে নির্বাচন কর্মকর্তা-কর্মচারীদের মারধর করে ব্যালট বাক্স ছিনতাই করে। তারা গুলিও ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ ও নির্বাচন কর্মকর্তারা ভোটকেন্দ্রের ভেতর ঢুকে আশ্রয় নেন। কিন্তু সন্ত্রাসীরা সেখানেও হামলা চালায় এবং ঘরে আগুন লাগিয়ে দেয়। পরে পুলিশ জীবন বাঁচাতে গুলি চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় ৫০টির মতো গুলিবিনিময় হয়। গুলিতে আহত পাঁচবিবি বাজারের আইয়ুব হোসেনের ছেলে মাসুম হোসেনকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সন্ত্রাসী হামলায় প্রিসাইডিং কর্মকর্তা উদয় কুমার ও রিজার্ভ ফোর্সের তিনজন সদস্যসহ মোট নয়জন আহত হয়েছেন।পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান চন্দ্র কর্মকার জানান, খবর পেয়ে র্যাব ও বিজিবি এবং দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল আলম জানান, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তা ছাড়া ওই কেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়েছে।হাজীগঞ্জ (চাঁদপুর): উপজেলার বড়কুল (পূর্ব) ইউনিয়নে রোববার নির্বাচন শেষে বড়কুল রামকানাই উচ্চবিদ্যালয় ও বেলচোঁ উচ্চবিদ্যালয় কেন্দ্রের নির্বাচনী কর্মকর্তারা উপজেলা পরিষদে যাওয়ার সময় পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী হাসমত উল্লা হাসু ও মাকসুদ হাসান সোহেলের লোকজন সংঘবদ্ধ হয়ে তাঁদের ওপর হামলা চালায়। এ সময় কর্তব্যরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। পরে পুলিশ ৩৬টি গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে প্রিসাইডিং কর্মকর্তা ও পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাজীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, এ ঘটনায় ৯০০ জনকে আসামি করে থানায় দুটি পৃথক মামলা করা হয়েছে। পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করেছে। রায়পুর (লক্ষ্মীপুর): উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হারুনুর রশিদ হাওলাদারের সমর্থক ছিদ্দিকুর রহমান গতকাল সকালে আখন বাজারে গেলে পরাজিত প্রার্থী মিন্টু ফরাজির লোকজন তাঁর ওপর হামলা চালায়। এ হামলার খবর ছড়িয়ে পড়লে হারুনুর রশিদের কয়েক শ সমর্থক লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে বাজারে হামলা চালিয়ে ৩০টি দোকান ভাঙচুর করে। এ সময় দুই পক্ষের সংঘর্ষে শতাধিক লোক আহত হয়। হামলায় আহত চরলক্ষ্মী জনতা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেনসহ অন্য সবাইকে সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।রায়পুর থানার ওসি রতন কৃষ্ণ নাথ বলেন, এ ঘটনায় ১৭ জনকে আটক করা হয়েছে। লাকসাম (কুমিল্লা): উপজেলার গোবিন্দপুর ইউপির মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রের ফল ঘোষণার পর নির্বাচনী কর্মকর্তারা উপজেলা পরিষদে ফেরার পথে রোববার রাতে পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল মান্নান মনুর লোকজন তাঁদের ওপর হামলা চালায়। পুলিশ বাধা দিলে হামলাকারীরা তাদের ওপরও চড়াও হয় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম মামুনুর রশিদ অন্য প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু হামলাকারীরা তাঁদের ওপরও চড়াও হয়। তারা ইউএনওর গাড়িসহ তিনটি গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই দফা হামলায় ইউএনও, লাকসাম থানার এসআই আবুল হোসেন দুয়ারী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যসহ কমপক্ষে ১৫ জন আহত হয়।লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম চৌধুরী জানান, এসব ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে। র্যাব ছয়জনকে গ্রেপ্তার করেছে।গোপালগঞ্জ: জেলার কাশিয়ানী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বরাশুর গ্রামে গতকাল বিজয়ী ইউপি সদস্য জাকির কাজীর সমর্থকদের ওপর হামলা চালায় পরাজিত দুই সদস্য শাহিদ মোল্লা ও নুর ইসলাম মোল্লার লোকজন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। তাদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। কেশবপুর (যশোর): কেশবপুরে গত শনিবার অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর রহমানের সমর্থক সুবোল পালকে গতকাল সকালে মারধর করেন পরাজিত প্রার্থী আবদুস সামাদ। পরে এ নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৬০ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় হামলাকারীদের ইটের আঘাতে কেশবপুর থানার ওসি রেজাউল ইসলামসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে বিজেবি ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।