পাঁচবিবিতে বাড়ছে দলীয় কোন্দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে পাঁচবিবি পৌরসভায় মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা প্রচারে মাঠে নেমেছেন। নির্বাচনকে ঘিরে হোটেল, রেস্টুরেন্ট, রাস্তার মোড়ে দোকানে দোকানে চলছে নির্বাচনী আড্ডা। আওয়ামী লীগের দুজন মেয়র প্রার্থী দলীয় মনোনয়ন দাবি করছেন। এতে দলীয় নেতা-কর্মীদের মধ্যে বিভাজন, চাপা, অসন্তোষ ও অভ্যন্তরীণ কোন্দল তীব্র হয়ে উঠছে। দলের এ অভ্যন্তরীণ কোন্দলের কারণ হিসেবে দলীয় নেতা-কর্মীরা উভয় নেতার মধ্যে হিরোইজিম প্রতিষ্ঠাকে দায়ী করেছেন। উভয় নেতার অনড় অবস্থানের জন্য সাধারণ ভোটাররা বিভ্রান্তিতে পড়েছেন। পরবর্তী সময় এ কোন্দল সহিংসতায় রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। মেয়র পদপ্রার্থী বর্তমান মেয়র আওয়ামী লীগের জেলা সভাপতি সামছুল আলমের সঙ্গে কথা বললে তিনি বলেন, ‘দলের কেন্দ্রীয় সিদ্ধান্তে প্রার্থী হিসেবে আমি অগ্রাধিকার পাব।’ কেন্দ্র থেকে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে না প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘কেন্দ্রীয় দিকনির্দেশনা মোতাবেক স্থানীয়ভাবে প্রার্থী মনোনয়ন যথাযথ হয়নি। কেন্দ্রীয় দিকনির্দেশনা অনুযায়ী স্থানীয়ভাবে প্রার্থী মনোনয়নের সে সভায় স্থানীয় মেয়র হিসেবে আমার থাকার কথা ছিল। কিন্তু আমাকে সে সভায় ডাকা হয়নি।’ দলের অপর মেয়র প্রার্থী হাবিবুর রহমান বলেন, ‘কেন্দ্রের দিকনির্দেশনা অনুযায়ী স্থানীয়ভাবে আমাকে মেয়র পদে মনোনয়ন দেওয়া হয়েছে। এ ব্যাপারে ১০ ডিসেম্বর জয়পুরহাটের পাঁচবিবি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমার নাম ঘোষণা করেছেন। উপজেলা কমিটি কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক যথাযথভাবেই মনোনয়ন দিয়েছে।’ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু বক্কর সিদ্দিক বলেন, গঠনতন্ত্র মোতাবেক উপজেলা কমিটি ও পৌর কমিটি যৌথভাবে দলীয় প্রার্থীর মনোনয়ন দিয়েছে। পাঁচবিবি পৌরসভা প্রথম শ্রেণী হওয়ার আগেই পৌর আহ্বায়ক কমিটি গঠিত হয়। পৌর আহ্বায়ক কমিটি গঠনপ্রক্রিয়া, যা উপজেলা কমিটির এখতিয়ারভুক্ত ছিল। এ ব্যাপারে আওয়ামী লীগের জেলা সম্পাদক এস এম সোলায়মান আলী বলেন, মনোনয়নের ব্যাপারে কেন্দ্রের কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। স্থানীয়ভাবে হাবিবুর রহমানকে প্রার্থী মনোনয়নের সিদ্ধান্ত জেলা কমিটিতে অনুমোদন করা হয়নি। পাঁচবিবি পৌর আহ্বায়ক কমিটি বৈধ নয়। বৈধ কমিটি করা হয়নি কেন প্রশ্ন করলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। তিনি বলেন, মনোনয়নের ব্যাপারে জেলার সহসভাপতি গোলাম হক্কানীকে প্রধান করে চারজন সাংগঠনিক সম্পাদকসহ পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি মনোনয়নপত্র প্রত্যাহারের (২৬ ডিসেম্বর) আগেই প্রার্থী মনোনয়নের সিদ্ধান্ত দিতে পারবে বলে আশা প্রকাশ করে। বিএনপির দুজন প্রার্থী নিয়ে কথা বললে পাঁচবিবি উপজেলা কমিটির সভাপতি আবদুুল গফুর মণ্ডল ও জেলা সভাপতি সাংসদ মোজাহার আলী প্রধান বলেন, পাঁচবিবি পৌরসভায় মেয়র পদে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে বর্তমান কাউন্সিলর মো. নুরুল ইসলাম মণ্ডলকে। দলের অপর প্রার্থী জহুরুল আলম তরফদার সম্পর্কে মোজাহার আলী প্রধান বলেন, তাঁকে অনেক আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার প্রত্যাহারের ব্যাপারে তিনি কোনো পদক্ষেপ নেননি। এখন তিনি দলের কেউ নন। জানা যায়, জয়পুরহাট-২ আসনের সংসদ ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার জেলায় আলাদা কমিটি রয়েছে। মেয়র প্রার্থী জহুরুল আলম তরফদার ওই গ্রুপের সমর্থিত প্রার্থী। জামায়াতের পাঁচবিবি পৌরসভার মেয়র পদে কোনো প্রার্থী নেই। জামায়াতের জেলা আমির ফজলুর রহমান জানান, জোটের প্রার্থী হিসেবে জহুরুল আলম তরফদারকে সমর্থনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপর প্রার্থী গত পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মনসুর রহমান মহাজোটের সমর্থন লাভের আশায় জোরদার লবিং চালাচ্ছেন বলে জানা গেছে। মেয়র পদপ্রার্থী শরিফুল ইসলাম মল্লিক স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন।