পাঁচবিবি পৌর শহরে জবাইখানা নেই। ফলে পশু জবাই হচ্ছে যত্রতত্র। এতে অ্যানথ্রাক্স ছড়ানোর আশঙ্কায় আতঙ্কিত পৌরবাসী। জবাইখানা না থাকায় পরিবেশ নোংরা ও দূষিত হচ্ছে মারাত্মকভাবে। জবাইখানার জায়গা আট বছরে আটটি কেনা হলেও আজও তা নির্মাণ হয়নি। পাঁচবিবির একটি প্রথম শ্রেণীর পৌরসভা এখানে কোনো জবাইখানা না থাকলেও প্রতিদিন ৮-১০টি গরু, দু-একটি মহিষ ও ১৪-১৫টি ছাগল জবাই করা হয়। এসব পশু জবাই করা হয় জনবহুল কোনো স্থানে রাস্তার পাশে খোলা মাঠ, অজ্ঞাত স্থানসহ বিভিন্ন জায়গায়। পৌরসভা সূত্রে জানা গেছে, বিগত সাত-আট বছর আগে পৌর এলাকায় মালঞ্চা গ্রামে জবাইখানা তৈরির জন্য ১৪ শতক জমি কেনা হয়েছিল। এডিবির তহবিল থেকে জবাইখানা নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছিল। কর্তৃপক্ষের গাফলতির জন্য এডিবির টাকা ফেরত যায়। ফলে জবাইখানা আর নির্মাণ হয়নি। উপজেলা সূত্রে জানা যায়, উপজেলায় ২১টি হাট-বাজার রয়েছে। এসব হাট-বাজারেও জবাইখানা নেই। স্থানভেদে প্রতিদিন দু-একটি গরু, তিন-চারটি ছাগল পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই জবাই করা হয়। পশু পরীক্ষা করার জন্য পৌরসভায় একজন স্যানিটারি ইন্সপেক্টর থাকলেও মাঠপর্যায়ে তাঁকে কাজ করতে দেখা যায় না বলে মাংস বিক্রেতারা (কসাইরা) অভিযোগ করেন। প্রাণিসম্পদ কর্মকর্তারা নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার কাজ করেন বলে মাংস বিক্রেতারা জানান। এ বিষয়ে মাংস বিক্রেতা আ. রাজ্জাক, তফিজ উদ্দিন, শহিদুল ইসলাম, জাহাঙ্গীর, হেলাল জানান, উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে তাঁরা পশু পরীক্ষা করিয়ে সনদ এনে পশু জবাই করেন। তবে পৌরসভা ও স্বাস্থ্য বিভাগের লোকজন আসে না। মাংস বিক্রেতা তফিজ উদ্দিন বলেন, ‘রমজানের পর থেকে অ্যানথ্রাক্সের আতঙ্কে আমরা আগের মতো গরু ও মহিষ জবাই করি না। আগের তুলনায় গরু, মহিষ কম জবাই হচ্ছে।’ মাংস বিক্রেতারা স্বীকার করেন, পাঁচবিবিতে দুই দিন মাংসবিহীন দিন (মিটলেস ডে) নির্ধারিত থাকলেও তা মানা হয় না। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুর রশিদের সঙ্গে কথা বললে তিনি জানান, স্বাস্থ্য বিভাগের লোকজন নিয়মিত এ কাজগুলো দেখাশোনা করেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মামুনুর রশিদের সঙ্গে কথা বললে তিনি বলেন, ‘পাঁচবিবিতে কোথাও অ্যানথ্রাক্সের সন্ধান পাওয়া যায়নি। দেশের অন্যান্য স্থানে যেহেতু অ্যানথ্রাক্স আতঙ্ক ছড়িয়ে পড়েছে, সেহেতু আমাদের এ বিষয়ে সব সময় সজাগ থাকতে হচ্ছে।’ বাজারের মাংস বিক্রেতারা নিয়মিত এসে জবাই করা পশু পরীক্ষা করার পর সনদপত্র নিয়ে যায়। তবে ইউনিয়ন পর্যায়ে স্বেচ্ছাসেবক কর্মীদের দিয়ে জবাই করা পশু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তিনি আরও জানান, সারা দেশে রবি, সোম, বৃহস্পতি মাংসবিহীন দিন সরকারিভাবে নির্ধারিত থাকলেও পাঁচবিবিতে সে নিয়ম পালন করা হয় না। পৌর মেয়রকে মোবাইল ফোনে না পাওয়ায় প্যানেল মেয়রের সঙ্গে কথা বললে তিনি জানান, জবাইখানার জন্য জমি ক্রয় করা হয়েছে এবং জবাইখানার তৈরির প্রক্রিয়া চলছে। তবে টেন্ডার ছাড়া পশু কর আদায়ের কথা স্বীকার করেন।