পাঁচলাইশ থানার ওসিকে তলব হাইকোর্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে হিমাদ্রী মজুমদার হত্যাকাণ্ডে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে ব্যাখ্যা জানাতে চট্টগ্রামের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৭ জুন তাঁকে আদালতে হাজির হতে বলা হয়।গতকাল সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।একই সঙ্গে ওই ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে সঠিক সময়ে ব্যবস্থা গ্রহণে নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার নিশ্চিতে কেন নির্দেশ দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিসহ পাঁচ বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।এদিকে, মামলার অগ্রগতি প্রতিবেদন গতকাল সোমবার আদালতে দাখিল করা হয়েছে।‘চট্টগ্রামে কুকুর লেলিয়ে হিমু হত্যা, নির্যাতক লন্ডনে পালিয়েছে’ শিরোনামে গত ২৫ মে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। এটা যুক্ত করে গত রোববার মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রিট আবেদনটি করা হয়। গতকাল আবেদনের ওপর শুনানি হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। আদেশ ও রুল জারির বিষয়টি জানিয়ে রিট আবেদনকারীর আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, নিহত হিমাদ্রী মজুমদারকে নির্যাতনের ঘটনায় দায়ী জুনায়েদ আহমেদ রিয়াদকে লন্ডন থেকে ফিরিয়ে আনতে এক সপ্তাহের মধ্যে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন আদালত। স্বরাষ্ট্রসচিব ও পুলিশের মহাপরিদর্শককে ১৫ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।এদিকে, গোয়েন্দা পুলিশ মাঠে নামলেও হিংস্র কুকুর লেলিয়ে শিক্ষার্থী হিমাদ্রী হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গতকাল আদালতে পেশ করা অগ্রগতি প্রতিবেদনে আলামত সংগ্রহ, ঘটনাস্থল পরিদর্শন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করার কথা উল্লেখ করা হয়েছে। আসামিদের ছবিও সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।এ প্রসঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কাজী জহির বলেন, ‘মামলাটি কোন পর্যায়ে আছে, আমরা এ পর্যন্ত কী কী করেছি, তা আদালতকে অবহিত করেছি। তদন্ত প্রতিবেদন পরবর্তীকালে জমা দেওয়া হবে।’ এদিকে, গতকাল পুলিশের উপকমিশনার (উত্তর) মিরাজ উদ্দিনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা হিমাদ্রীর বাসায় যান। তাঁরা হিমাদ্রীর পরিবারকে নিরাপত্তার আশ্বাস দেন।উপকমিশনার (উত্তর) মিরাজ উদ্দিন বলেন, ‘এখনো কোনো গ্রেপ্তার নেই। তবে আমরা আশাবাদী।’ প্রসঙ্গত, গত বুধবার ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ-লেভেলের শিক্ষার্থী হিমাদ্রী মজুমদার মারা যান। এর আগে ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশের একটি চারতলা ভবনের ছাদ থেকে জার্মানির ডোবারম্যান নামের কুকুর লেলিয়ে দিয়ে তাঁকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।