পাঁচলাইশে পুলিশ-শিবির সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
চট্টগ্রামের পাঁচলাইশে আজ বৃহস্পতিবার পুলিশের সঙ্গে শিবিরকর্মীদের গুলিবিনিময়ের ঘটনায় শিবিরের দুই কর্মীর পায়ে গুলি লেগেছে। ভোর চারটার দিকে পাঁচলাইশ থানাধীন শুলকবহর এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ এ ঘটনায় গুলিবিদ্ধ দুজনসহ মোট ছয়জনকে আটক করেছে। তাঁদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি ককটেল উদ্ধার করা হয়।পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ দাশ প্রথম আলো ডটকমকে বলেন, ‘গতকাল বুধবার নাশকতার চেষ্টাকালে ককটেলসহ এক শিবিরকর্মীকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা শুলকবহর এলাকায় অভিযান চালাই। এ সময় শিবিরকর্মীরা আমাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। আত্মরক্ষার্থে আমরাও পাল্টা গুলি ছুড়ি। পায়ে গুলিবিদ্ধ দুজনসহ মোট ছয়জনকে আটক করি। এ সময় একটি আগ্নেয়াস্ত্রসহ দুটি ককটেল উদ্ধার করা হয়।’ওসি জানান, গুলিবিদ্ধ দুজনকে পুলিশি পাহারায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।