পাংশায় সন্দেহভাজন দুই ডাকাত গ্রেপ্তার
রাজবাড়ীর পাংশা উপজেলায় গতকাল শুক্রবার মধ্যরাতে সন্দেহভাজন দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার সাওরাইল ইউনিয়নের বিকয়া বাজার থেকে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।সন্দেহভাজন দুই ডাকাতের নাম—ওমর খান (২৪) ও পান্নু বিশ্বাস (২২)। ওমর মৌরাট ইউনিয়নের বড় চৌবাড়িয়া গ্রামের জামাল খানের ছেলে এবং পান্নু একই ইউনিয়নের পূর্ব বাগদুলি গ্রামের সোলায়মান বিশ্বাসের ছেলে।পাংশা থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন জানান, গতকাল রাত ১২টার দিকে সাওরাইল ইউনিয়নের বিকয়া বাজারের লোকজন ওমর ও পান্নুকে আটক করে গণধোলাই দেয়। পরে পাংশা থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। তিনি জানান, গত ফেব্রুয়ারিতে পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের জীবননালা গ্রামের সোহাস নন্দীর বাড়িতে ডাকাতি হয়। এ ঘটনায় বাড়ির মালিক পাংশা থানায় একটি মামলা করেন। ওই মামলার পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া স্বীকারোক্তিতে ওমর ও পান্নুর নাম আসে।