পাংশায় অস্ত্রসহ চরমপন্থী সদস্য গ্রেপ্তার
র্যাব-১২ কুষ্টিয়ার একটি দল গতকাল বৃহস্পতিবার রাতে রাজবাড়ীর পাংশা উপজেলার পিয়ালীপাড়া থেকে সুধাংশু কুমার মণ্ডল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি, সুধাংশু নিষিদ্ধঘোষিত পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) স্থানীয় নেতা পরিতোষ বাহিনীর সক্রিয় সদস্য। তাঁর কাছ থেকে একটি শার্টারগান ও একটি গুলি উদ্ধার করা হয়েছে। পাংশা থানার সহকারী উপপরিদর্শক মঞ্জুর আলী খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ কুষ্টিয়ার একটি দল গতকাল রাত পৌনে ১০টার দিকে পিয়ালীপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে সুধাংশুকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর ঘরে টিনের বাক্সের ভেতর পলিথিনে মোড়ানো শার্টারগান ও থ্রি নট থ্রি রাইফেলের একটি গুলি উদ্ধার করা হয়। পরে আজ শুক্রবার বেলা ১১টার দিকে র্যাবের ডিএডি লিয়াকত আলী খান অস্ত্রসহ আসামিকে পাংশা থানায় সোপর্দ শেষে একটি মামলা করেন। পুলিশ দুপুরের দিকে তাঁকে রাজবাড়ীর আদালতে পাঠিয়ে দেয়।